দুবাই, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আলজেরিয়ার ২০ সেনাকে হত্যা এবং অপর ৩০ জনকে আহত করার দাবি জানিয়েছে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা। দেশটির পূর্ব অঞ্চলে অবস্থিত আল-কায়েদার শক্ত ঘাঁটিতে সেনাবাহিনীর এক অভিযান চলাকালে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
শনিবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি তাদের ২৫ যোদ্ধা নিহত হওয়ার নিয়ে একটি পত্রিকার খবর এবং নেতাকে অবরুদ্ধ করে রাখা নিয়ে প্রকাশিত অন্যান্য খবরগুলো প্রত্যাখ্যান করেছে।
লিবার্টি ও এল ওয়াতান দৈনিকে গত মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আবু মুসাব আবদেল-ওয়াদুদ নামেও পরিচিত আবদেলমালেক দ্রৌদকেল ওইসব যোদ্ধার মধ্যে থাকতে পারেন যাদেরকে ৯ থেকে ১০ হাজার সেনা আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় তিজি ওউজউ ও বেজাইয়া প্রদেশের মধ্যবর্তী পার্বত্য এলাকায় অবরুদ্ধ করে রেখেছে।
বিবৃতিতে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা বলেছে, "বেজাইজা এলাকায় চিরুনী অভিযান চালিয়ে তাদের আমীরকে অবরুদ্ধ করে রাখার দাবি এবং ২৫ মুজাহিদিনকে হত্যা করা সম্পর্কে আল শোরুক পত্রিকার মিথ্যা বলার পর আমরা স্বপক্ষত্যাগীদের চরম ব্যর্থতার চিত্র তুলে ধরতে চাই।"
বিবৃতিতে বলা হয়েছে, মুজাহিদীনদের বোমায় স্বপক্ষত্যাগীদেরই বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে তাদের দুটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং তাদের অনেকেই ভীতু ইঁদুরের মতো পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৮ ঘ.
bdnews24