ওয়শিংটন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র বন্দিদের পানিতে চুবিয়ে ও অন্যান্য বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করে কংগ্রেসে পাস হওয়া বিলে শনিবার ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
সাপ্তাহিক বেতার ভাষণে বুশ বলেন, "বিপদ এখনও কাটেনি। সন্ত্রাসীদের রুখতে আমাদের গোয়েন্দাদের যা যা দরকার তা তাদের দেওয়া উচিৎ।"
তিনি আরও বলেন, "কংগ্রেসে পাস হওয়া বিল আইনে পরিণত হলে গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করতে পারত না।"
বিলে বুশের ভেটো দেওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসি বলেছেন, এর ফলে মার্কিনিদের নৈতিকতা হুমকির মুখে পড়েছে। তিনি জানান, ডেমোক্র্যাটরা বুশের ভোটো রুখে দেওয়ার চেষ্টা করবেন।
ন্যান্সি পোলেসি বলেন, "আগামী সপ্তাহে বুশের ভেটো রুখে আমরা এই নৈতিকতা পুনরুদ্ধার করব।"
ম্যসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড কেনেডি এই ভেটোকে বুশের শাসনামলের সবচেয়ে লজ্জাজনক অভিহিত করেছেন।
তবে বুশের এই ভেটো রুখে দেওয়ার জন্য কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে পারবে কিনা তা নিশ্চিত নয়। প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলীয় সমর্থনে পাস হওয়া এই বিলে বুশের ভেটো রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই।
হোয়াইট হাউসের ভেটোর হুমকি সত্ত্বেও গত ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয় এবং ফেব্র"য়ারিতে সিনেট এটি অনুমোদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24