২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় নির্বাচনে পেনাং প্রদেশে হেরেছে ক্ষমতাসীন জোট

মালয়েশিয়ায় শনিবারের সাধারণ নির্বাচনে শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ পেনাং প্রদেশে বিরোধীদলের কাছে হেরেছে ক্ষমতাসীন জোট। পেনাংয়ে হারলেও প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠির বারিসন জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে কেন্দ্রীয় সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। কিন্তু গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা বারিসন জোটের জন্য পেনাংয়ে হারা একটি বড় বিপর্যয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

কুয়ালালামপুর, মালয়েশিয়া, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ায় শনিবারের সাধারণ নির্বাচনে শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ পেনাং প্রদেশে বিরোধীদলের কাছে হেরেছে ক্ষমতাসীন জোট। পেনাংয়ে হারলেও প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠির বারিসন জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে কেন্দ্রীয় সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। কিন্তু গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা বারিসন জোটের জন্য পেনাংয়ে হারা একটি বড় বিপর্যয়। পেনাংয়ে হারার ফলে দুই তৃতীয়াংশ আসনে জয় পাওয়া বারিসনের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। তেমনি বাদাবির রাজনৈতিক ভবিষ্যৎও ঝুঁকির মধ্যে পড়বে। পেনাংয়ের মুখ্যমন্ত্রী পরাজয় স্বীকার করে জানিয়েছেন, তিনি বিরোধী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর পেনাং প্রদেশে পরাজয়ের খবর পেয়ে প্রধানমন্ত্রী বাদাবির ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেন, "এটা খুবই দুঃসংবাদ। তারা পেনাংয়ে হেরেছে। এটা একটা বড় বিপর্যয়।" প্রায় আট হাজার কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। 'ফেডারেল পার্লামেন্ট' এবং 'রাজ্য আইনসভা'র এ নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নির্বাচনের সময় কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় তেরেঙ্গানু প্রদেশে নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিরোধীদলীয় সমর্থকরা বিক্ষোভ শুরু করলে তাদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাস জলকামান ব্যবহার করে। পুলিশ এ সময় ২২ জনকে আটক করে। এদের বেশির ভাগ 'পার্তি ইসলাম সে-মালয়েশিয়ার' (পিএএস) সমর্থক। এছাড়া উত্তরাঞ্চলীয় পেনাং দ্বীপে প্রায় তিনশ বিরোধীদলীয় সমর্থক বিক্ষোভ করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। শনিবারই নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যেতে পারে। তবে গ্রিনিচ সময় শনিবার ১৬০০ টার আগ পর্যন্ত তা পাওয়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে মালয়েশিয়ার ক্ষমতাসীন জাতিগত মালয়দের প্রভাবাধীন বহুজাতিক বারিসান ন্যাশনাল জোট বিপুল ভোটে জয়ী হবে। তবে নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতাসীন জোট তাদের পাঁচ দশকের ক্ষমতা ধরে রাখতে পারে বলে অভিযোগ করেছে বিরোধীদলগুলো। বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের জন্য প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবির সরকারের ওপর ক্ষুব্ধ জাতিগত চীনা ও ভারতীয়রা এ নির্বাচনে বিরোধীদলগুলোকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনের প্রাক্কালে আবদুল্লাহ ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, তারা বারিসান ন্যাশনালকে রায় না দিলে দেশটিতে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। ১৯৬৯ সালের এক নির্বাচনে বারিসন পার্টি পরাজিত হওয়ার পর মালয়েশিয়ায় সৃষ্ট জাতিগত সহিংসতায় কয়েকশ' লোকের প্রাণহানি হয়েছিল। বিদায়ী কেন্দ্রীয় সংসদে বারিসন জোটের প্রায় ৯০ শতাংশ আসন ছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন কেন্দ্রীয় সংসদের ২২২ আসনের মধ্যে বারিসন জোট ১৭৮ আসন বা ৮০ শতাংশর কম আসন পেলে প্রধানমন্ত্রী আবদুল্লাহর নেতৃত্ব ঝুঁকির মধ্যে পড়তে পারে। কেপালা বাতাস শহরের এক কেন্দ্রে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী আবদুল্লাহ বলেন, "নির্বাচনে খারাপ করার অজুহাত ঢাকার জন্য বিরোধীরা অভিযোগ তুলেছে। আমি চাই এ নির্বাচন বিশ্বাসযোগ্য হোক।" দুর্নীতির অভিযোগে এ নির্বাচনে অংশ নিতে পারেননি বিরোধী পার্টি কাদিলান রাকায়েতের নেতা আনোয়ার ইব্রাহিম। তার স্ত্রী ওয়ান আজিজাহ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্ত্রীর ওই নির্বাচনী আসনে ভোট দেওয়ার পর আনোয়ার ইব্রাহিম বলেন, "এবার আমরা সরকারকে একটা ঝাকুনি দেব। আমরা এই প্রতারকদের একটা শিক্ষা দেব।" ওয়ান আজিজাহ জানিয়েছেন, নির্বাচনে তিনি বিজয়ী হলে নতুন পার্লামেন্ট থেকে তিনি পদত্যাগ করবেন এবং তার আসনে দ্বিতীয় দফা নির্বাচনে স্বামীকে বিজয়ী হতে সমর্থন দেবেন। ইব্রাহিমের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হওয়ার ঠিক একমাস আগে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.