আঙ্কারা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি শুক্রবার প্রথমবারের মতো প্রতিবেশী দেশ তুরস্ক সফরে গেছেন। উত্তর ইরাকে কুর্দি পিকেকে গেরিলা ঘাঁটি নির্মূলে আঙ্কারায় বড় ধরনের সেনা অভিযান শেষের মাত্র ১ সপ্তাহের মাথায় তালাবানি এ সফরে গেলেন। সেনা অভিযান নিয়ে উত্তেজনার পর ন্যাটো সদস্য দেশ তুরস্কের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্য ,জ্বালানি ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই তার সফরের লক্ষ্য।
তালাবানি নিজেও একজন কুর্দি ইরাকি। তুরস্কে দুদিনের সফরে তিনি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল এবং প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। সেইসঙ্গে তুরস্ক-ইরাক বিজনেস কাউন্সিলের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
তুর্কি কূটনীতিকরা বলেছেন, ইরাকের অর্থ, তেল, জাতীয় নিরাপত্তা, শিল্প ও পানিসম্পদ মন্ত্রী তালাবানির সঙ্গে সফর করছেন। তালাবানি এবং গুল শুক্রবার ১৮০০ জিএমটিতে যৌথ সংবাদ সম্মেলন করবেন।
ইরাক পুনর্গঠন খাতে তুরস্কের ফার্মগুলো খুবই সক্রিয়ভাবে কাজ করছে। তাছাড়া, তুর্কি খাবার এবং পোশাকের জন্যও ইরাক একটি বড় বাজার। ইরাকের সঙ্গে তুরস্কের তেল পাইপলাইন আছে। এর পাশাপাশি দুদেশের মধ্যে গ্যাস পাইপলাইন চালুর পরিকল্পনাও আছে।
লিবারেল ডেইলি রাদিকাল পত্রিকার শুক্রবারের সংখ্যায় কলামিস্ট মুরাত ইয়েতকিন লিখেছেন, "তালাবানির সফরের মধ্য দিয়ে আঙ্কারা ইরাকের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা করতে চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24