নাইরোবি, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় নির্বাচন পরবর্তী সংকট নিরসনে দলীয় ভেদাভেদ ভুলে শান্তিচুক্তিকে সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি বৃহস্পতিবার দেশটির বিভক্ত পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিরোধী নেতা রেইলা ওডিঙ্গার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর কিবাকি এই প্রথম পার্লামেন্টের অধিবেশন ডাকলেন। পার্লামেন্ট সদস্যদের তিনি দলীয় ভেদাভেদ ভুলে শান্তিচুক্তিকে আইনি বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কিবাকি বলেন, "দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদি এই চুক্তিকে সমর্থন দেওয়ার জন্য সম্মানিত পার্লামেন্ট সদস্যদের আমি আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "দলীয় মনোভাবের উর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
কেনিয়ায় গত ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত ও তিন লাখ লোক বাড়িছাড়া হয়েছে। বিরোধী দলের অভিযোগ ছিল নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বেসামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছেন।
১৯৬৩ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়া পাওয়ার পর থেকে আফ্রিকার স্থিতিশীল ও অর্থনৈতিক দিক দিয়ে তুলনামূলকভাবে সমৃদ্ধ দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাতময় ঘটনা।
কিবাকির পার্টি অব ন্যাশনাল ইউনিটি (পিএনইউ) ও ওডিঙ্গার অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট (ওডিএম) এই দুই দলে বিভক্ত পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে কিবাকি বলেন, "আমি আপনাদের জোর দিয়ে বলছি, আজকের ঘটনা আমাদের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "এই মহাজোটের যাত্রা আমাদের জন্য একটি পরিস্কার বার্তা দিচ্ছে তা হল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24