ব্যাংকক, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার মিয়ানমার পৌঁছেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্রপন্থি গণবিক্ষোভ দমন করার পর তৃতীয়বারের মতো দেশটি সফরে এলেন গাম্বারি।
মিয়ানমারের রাজনৈতিক সংস্কার নিয়ে সামরিক জান্তার সঙ্গে বিরোধীদলের আলোচনা শুরুর উদ্দেশ্যেই মূলত এ সফরে এসেছেন গাম্বারি। অবশ্য তার এ সফরের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
আগামী মে মাসে একটি সাংবিধানিক গণভোট এবং ২০১০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মিয়ানমারের জেনারেলরা গত মাসে এক অপত্যাশিত ঘোষণা দেওয়ার পর তাদের সঙ্গে এটাই হবে গাম্বারির প্রথম সরাসরি সাক্ষাৎ।
তবে মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, গাম্বারির উচিত হবে জেনারেলদের এ বিষয়টি জানানো যে আতঙ্কগ্রস্ত জনগণকে একটি সাজানো গণভোটে অংশ নিতে বাধ্য করা হলে তা বার্মার গণতন্ত্র বা সংহতিকে এগিয়ে নেবে না।
তিনি বলেন, এমন দমনমূলক পরিবেশে গণভোট হলে তা শুধু অব্যাহত সামরিক শাসনকেই মজবুত করবে।
২০০৬ সালে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর দেশটিতে গাম্বারির পঞ্চম সফর এটা। এ বিষয়ে সোমবার জাতিসংঘ মুখপাত্র মিচেল মন্তাস বলেন, গাম্বারি যতদিন প্রয়োজন ততদিন মিয়ানমারে অবস্থানের চেষ্টা করবেন। এ সময়ে তিনি তার সর্বশেষ সফরে যেসব সংগঠনের সঙ্গে কথা বলতে পারেননি সেগুলোসহ দেশটির সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ-আলোচনা করবেন।
মন্তাস বলেন, গাম্বারির সফরসূচির বিস্তারিত নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও বলেন, "মিয়ানমার সরকারের অব্যাহত সহযোগিতার দিকে তাকিয়ে আছেন গাম্বারি।"
মিয়ানমারের আটক গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চিসহ দেশটির সব রাজবন্দির মুক্তির চেষ্টা চালিয়ে আসছেন গাম্বারি। পাশাপাশি মিয়ানমার
bdnews24