নিউ ইয়র্ক, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিল গেটসকে ছাড়িয়ে এখন বিশ্বের শীর্ষ ধনী তারই বন্ধু মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। টানা ১৩ বছর শীর্ষে অবস্থানকারী গেটস নেমে এসেছেন তৃতীয় স্থানে। ফোর্বস ম্যাগাজিন বুধবার একথা জানিয়েছে।
ফোর্বসের হিসাব মতে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি 'বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটেড'র প্রধান বাফেটের সম্পদের পরিমাণ ৬২ বিলিয়ন মার্কিন ডলার।
শীর্ষ ধনবান ব্যক্তিদের তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ম্যাক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম। তার অর্থসম্পদের পরিমাণ মার্কিন ডলারে ৬০ বিলিয়ন।
ফোর্বস জানিয়েছে, গত ১৩ বছর ধরে টানা শীর্ষ ধনীর অবস্থানে থাকা মাইক্রোসফটের মালিক বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১২৫২ ঘ.
bdnews24