ওয়াশিংটন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম)-- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হবেন জন ম্যাককেইন। মঙ্গলবার তিনি আরো চারটি রাজ্যে মনোনয়ন পর্বের ভোটে জিতে নিশ্চিত করেছেন প্রার্থিতা। বুধবার রাতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে অ্যারিজোনার এই সিনেটরকে রিপাবলিকান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের মনোনয়ন যুদ্ধ এখনো শেষ হয়নি। বরং মঙ্গলবার রোড আইল্যান্ড রাজ্যের বাছাই পর্ব জিতে সেটা আরো জমিয়ে তুলেছেন হিলারি ক্লিনটন।
তার এই জয়ে থেমেছে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার জয়রথ। টানা ১২টি রাজ্যে জয় পাওয়ার পর এই প্রথম হারলেন ইলিনয়সের এই সিনেটর।
এই ছোট্ট রাজ্যে জয় পাওয়া অবশ্য যথেষ্ট নয়, মনোনয়ন যুদ্ধে টিকে থাকতে হলে মঙ্গলবারই হয়ে যাওয়া ওহাইও আর টেক্সাসের মতো বড় রাজ্যে বড় ব্যবধানে জিততে হবে হিলারিকে। এদিন হয়ে যাওয়া ভারমন্ট রাজ্যের মনোনয়ন যুদ্ধে জিতেছেন ওবামা।
রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়েও মঙ্গলবার ভোট নেওয়া হয়েছে এই চারটি রাজ্যেই। আর ভারমন্ট, রোড আইল্যান্ড, ওহাইও এবং টেক্সাসে সেই লড়াইয়ে ম্যাককেইনের জয়ের পর নিশ্চিত হয়ে গেছে, লড়াইয়ে টিকে থাকা তার শেষ প্রতিদ্বন্দ্বী আরাকানসাসের গভর্নর মাইক হুকাবি আর তাকে ধরতে পারছেন না।
রিপাবলিকানদের মনোনয়ন পেতে প্রয়োজন ১ হাজার ১৯১ জন ডেলিগেটের ভোট, ম্যাককেইন তারচেয়ে বেশি পেয়ে গেছেন এরই মধ্যে। তাই হুকাবি পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন তাকে। টেক্সাসের আরভিংয়ে সমর্থকদের এ কথা জানিয়ে তিনি বলেন, "আমাদের দলকে ঐকবদ্ধ রাখতে সম্ভব সবকিছুই করবো আমি।"
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম/এসএইচ/০৯৩১ ঘ.
bdnews24