তেল আবিব, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসর মঙ্গলবার গাজায় ইসরায়েলের সঙ্গে হামাস গেরিলাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, কেবলমাত্র ইসরায়েল-ফিলিস্তিনি আলোচনাই দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে কায়রো বৈঠকে হামাসের তৎপরতা এবং গাজায় ইসরায়েলি হামলা দুটো বিষয়েই ভিন্ন ভিন্ন মতামত এসেছে। তবে হামাসকে রকেট হমলা ও অন্যান্য সন্ত্রাসী পথ বন্ধ করতে হবে এ ব্যাপারে দুপক্ষই একমত হয়েছে।
রাইস মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন। মিসরের রাজধানী কায়রো থেকে বিমানযোগে তিনি তেল আবিবে পৌঁছান।
গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষিতে স্থগিত থাকা যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতায় আয়োজিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে এ সফরে এসেছেন রাইস।
ইসরায়েল সফরের আগে রাইস মিসর সফর করেন। মিসর সফরে তিনি দেশটির নেতাদের সঙ্গে গাজা সঙ্কট নিয়ে আরবদের ক্ষোভ প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেন।
কায়রোয় রাইস বলেন, "যত শিগগির সম্ভব আলাপ-আলোচনা শুরু হওয়া দরকরা।" তিনি বলেন, "কীভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি।"
ওদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা যুদ্ধবিরতির এবং শান্তবস্থা
প্রতিষ্ঠার চেষ্টায় আছি। আমরা ইসরায়েলকে মাত্রাতিরিক্ত সেনাশক্তি ব্যবহার না করতে রাজি করানোর চেষ্টা করছি। এই অসম শক্তি ব্যবহার বন্ধ হতে হবে।"
গাজা উপত্যকায় সোমবার শেষ হওয়া পাঁচদিনের ইসরায়েলি সামরিক অভিযানে ১২৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। যাদের অনেকেই ছিলেন বেসামরিক ফিলিস্তিনি। ইসরায়েলের ওই সামরিক অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা স্থগিত করে দিয়েছে।
এরপরও ইসরায়েল গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। পাশপাশি ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে রকেট হামলা বন্ধ না হলে তারা আরও সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন এ বছরের মধ্যেই একটি মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি হওয়ার চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের কারণে সে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।
এ সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে রাইসের। তাদের সঙ্গে সাক্ষাতের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24