লাহোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নৌবাহিনীর একটি কলেজের প্রবেশপথে মঙ্গলবার আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রাথমিক হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। পরবর্তী আরেকটি হামলায় নিহত হয়েছে আরও দুজন। নৌবাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে একথা জানিয়েছেন। পাকিস্তানে ৫ দিনের মধ্যে এ নিয়ে চারবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
ঘটনাস্থল থেকে রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, "বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। আমি মানুষের নিথর দেহ পড়ে থাকতে দেখি।"
প্রাথমিক খবরে প্রত্যক্ষদর্শীরা জানান, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত 'পাকিস্তান নেভি ওয়ার কলেজ' এর কাছে দুটি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন। তারা আরও জানান, এর কায়েক মিনিট পরই শহরের অন্য এলাকায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। বিস্ফোরণগুলো পৃথক না একটির সঙ্গে আরেকটির সম্পর্ক আছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
নৌবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, একজন বা দুজন আত্মঘাতী হামলাকারী লাহোরের নৌবাহিনীর কলেজের প্রবেশপথ অভিমুখে ট্রাক চালিয়ে আসে। বিস্ফোরণে হামলাকারীরাসহ ওই কলেজের একজন নৌ-স্টাফ নিহত হন। তবে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে।
টেলিভিশনচিত্রেও কলেজের গেটের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত জরুরি গাড়ি চলাচলও করতে দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ নওয়াজ রয়টার্সকে জানিয়েছেন, নৌবাহিনীর কলেজটির ভেতরে দুটি বিস্ফোরণ হয়েছে। তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে সে সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
প্রসঙ্গত, পাকিস্তানে গত কয়েক মাস ধরে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের মদদপুষ্ট জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর শুধু এ বছরের শুরু থেকে এ পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণহানি হয়েছে পাঁচ শতাধিক লোকের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৭ ঘ.
bdnews24