বেইজিং, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তাইওয়ানের সঙ্গে আরও বেশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করতে চায় চীন। চীনের কমিউনিস্ট পার্টির এক শীর্ষ নেতা সোমবার একথা বলেছেন। এ মাসের শেষদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সেখানে বলপ্রয়োগের হুমকির মত কড়া কথাবার্তা এড়িয়ে ভিন্নসুরের এ মন্তব্য করল চীন।
কমিউনিস্ট পার্টির চতুর্থ শীর্ষ নেতা জিয়া কিংলিং রাজধানী বেইজিংয়ে এক রাজনৈতিক সম্মেলনে বক্তৃতা করার সময় একথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টিই দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী শক্তি হিসেবে কাজ করে থাকে।
'জনগণের রাজনৈতিক মতবিনিময় সম্মেলন' নামে ওই বার্ষিক সম্মেলনে শিক্ষক, শিল্পী-সাহিত্যিক, চিকিৎসক, আইনজীবীসহ সারা দেশের নানা শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করে থাকে।
জিয়া বলেন, "প্রণালীর দুই পাড়ে কার্যকরভাবে অর্থনৈতিক, প্রযুক্তিগত, শিক্ষাগত এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারষ্পরিক বোঝাপড়া বাড়াতে হবে আমাদের।"
তাইওয়ানের নির্বাচন সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, "আমাদের উচিৎ হাতে হাত রেখে তাইওয়ানের স্বাধীনতার লক্ষ্যে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরোধিতা করা এবং সেসব যাতে না হয় তার ক্ষেত্র তৈরী করা।"
আগামী ২২ মার্চ তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট চেন সুই বিয়ানের একজন উত্তরসূরী নির্বাচন করবে তাইওয়ানিরা। চেন সুই বিয়ানের স্বাধীনতাপন্থী নীতির কারণে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক যোগাযোগ প্রায় শূণ্য পর্যায়ে নেমে এসেছিল। অবশ্য দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য অব্যাহত ছিল।
১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের একটি আলাদা দেশ হিসেবে দাবি করে আসলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টা এবং স্বাধীনতার জন্য এ ধরণের যে কোনো পদক্ষেপ বন্ধে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও বরাবরই হুমকি দিয়ে আসছে চীন।
তবে আকস্মিক সামরিক ব্যবস্থার পরিবর্তে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রয়াসের মাধ্যমে দীর্ঘমেয়াদে দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের পুনরেকত্রীকরণের নীতি নিয়েছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24