বাগদাদ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঐতিহাসিক ইরাক সফর উপলক্ষ্যে রাজধানী বাগদাদজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝেও সোমবার সেখানে দুটি বোমা হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে।
পুলিশ জানায়, ভয়াবহ বোমা হামলাটি হয়েছে বাগদাদের মধ্যাঞ্চলীয় বাব আল-মাউদহাম এলাকায়। ইরাকি সেনাবাহিনীর একটি টহলদল সেখানে পার্ক করা একটি গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়। এতে ১২ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে।
দ্বিতীয় হামলাটি হয় বাগদাদের পূর্বাঞ্চলীয় গাদির এলাকার একটি সেনা টহল চৌকিতে। এক আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী ইরাকি সেনাবাহিনীর ওই টহল চৌকিতে হামলা চালায়। এতে দুই সেনাসহ চারজন নিহত এবং অপর ১০ জন আহত হয়।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় হামলায় তিনটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরাকে বড় ধরনের হামলার জন্য মার্কিন কমান্ডাররা সাধারণত সুন্নি আল-কায়েদা জঙ্গিদের দায়ি করে থাকে। তবে সোমবারের হামলা দুটি কারা চালিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কেনো আলামত বা খবর পাওয়া যায়নি। এছাড়া, ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সফরের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক আছে কিনা তাও পরিষ্কার হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24