২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহাইয়ো-টেক্সাসে ওবামা-হিলারি সমানে সমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় মনোনয়নের দৌঁড়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহাইয়ো ও টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থীদ্বয় বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার টেক্সাস ও ওহাইয়ো অঙ্গরাজ্য দুটির ডেমোক্র্যাট দলের প্রাইমারির একদিন আগে সোমবার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিকল পরিচালিত জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ওয়াশিংটন, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় মনোনয়নের দৌঁড়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহাইয়ো ও টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থীদ্বয় বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার টেক্সাস ও ওহাইয়ো অঙ্গরাজ্য দুটির ডেমোক্র্যাট দলের প্রাইমারির একদিন আগে সোমবার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিকল পরিচালিত জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে। যুক্তরাষ্ট্রে এ বছরের ৪ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে এখন রাজ্যগুলোতে প্রাইমারি ও ককাসের মাধ্যমে প্রার্থী নির্বাচন চলছে। রিপাবলিকান দলে জন ম্যাককেইনের প্রার্থিতার বিষয়টি প্রায় নিশ্চিত। অন্যদিকে, ডেমোক্র্যাট দলে ওবামা এগিয়ে থাকলেও হিলারির চেয়ে তার ব্যবধান খুব বেশি না হওয়ায় মনোনয়নের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ইলিনয়ের সিনেটর ওবামার কাছে টানা ১১টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে হেরে যাওয়ায় প্রার্থিতা নিশ্চিত করতে হলে সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারিকে ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে অবশ্যই ভালভাবে জয়ী হতে হবে। কিন্তু সোমবার প্রকাশিত ওই জরিপ অনুযায়ী, টেক্সাসে এখনও ওবামার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছেন হিলারি। সেখানকার দলীয় ভোটারদের ৪৭ ভাগ ওবামার পক্ষে এবং ৪৪ ভাগ হিলারির পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন। অবশ্য রোববারের তুলনায় সোমবার হিলারির পক্ষে সমর্থন বেড়েছে প্রায় ১ শতাংশ। জরিপে ওহাইয়োতেও হিলারির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছেন ওবামা। সেখানকার ৪৭ শতাংশ ডেমোক্র্যাট ওবামার এবং ৪৫ শতাংশ ডেমোক্র্যাট হিলারির পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন। এখানেও রোববারের তুলনায় সোমবার হিলারির পক্ষে সমর্থন বেড়েছে প্রায় ১ শতাংশ। গত দুই সপ্তাহ ধরে এ দুই অঙ্গরাজ্যের জনমত জরিপে ওবামা বেশি ব্যবধানে এগিয়ে থাকলেও নির্বাচনের প্রাক্কালে সে ব্যবধান অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন হিলারি। অবশ্য, ওহাইয়ো ও টেক্সাসের ৬ শতাংশ ডেমোক্র্যাট মঙ্গলবারের প্রাইমারির আগের দিন পর্যন্ত কাকে সমর্থন দেবেন সে সম্পর্কে সিদ্ধান্ত নেননি বলে জরিপ সূত্রে জানা গেছে। জরিপে আরও দেখা গেছে, ওহাইয়ো ও টেক্সাসে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকবিকে বিপুল ব্যবধানে পরাজিত করতে চলেছেন অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০১ ঘ.