লাহোর, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কট্টর বিরোধী আইনজীবী ও পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপাতি আইতজাজ আহসানকে রোববার চার মাসের আটকাদেশ ও গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।
গত বছর ৩ নভেম্বর মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যে আটক করা হয়েছিল সাবেক সাংসদ ও ক্যাবিনেট মিনিস্টার আইতজাজ আহসানকে।
মুশাররফ ওই জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ অসংখ্য বিচারককে বরখাস্ত করেন এবং অনুগতদের দিয়ে বিচারকদের সেসব শূণ্য আসন পূরণ করেন। আহসান মুশাররফের ওই পদক্ষেপের বিরোধিতা করে আসছেন।
পাঞ্জাবের প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র সচিব খুসরো পারভেজ খান বলেন, "তার আটকাদেশ শেষ হয়েছে। তিনি এখন মুক্ত মানুষ। রিলিজ অর্ডার ইস্যুর কোনো প্রয়োজন নেই।"
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত আহসানের বাড়ির চারপাশ থেকে ব্যারিকেড এবং পুলিশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার মুক্ত হওয়ার পরপরই আহসান বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, "আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা মনে করি আটক সব বিচারক মুক্ত ও পুনর্বহাল না হওয়া পর্যন্ত স্বাধানী বিচারবিভাগ প্রতিষ্ঠিত হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24