লন্ডন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু অস্ত্র তৈরীর আকাঙ্খা স্পষ্টতই বিদ্যমান এবং ২০১৫ সাল নাগাদ দেশটি পরমাণু বোমা বানাতে সক্ষম হয়ে উঠতে পারে। ব্রিটিশ আইনপ্রণেতারা রোববার একথা জানিয়েছেন ।
ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি এক প্রতিবেদনে জানিয়েছে, নিষেধাজ্ঞা ইরানের পরমাণু কর্মসূচির ওপর কোন প্রভাব ফেলতে পারবে না। একইভাবে তাদের পরমাণু স্থাপনায় সামরিক হামলাতেও কোন লাভ হওয়ার সম্ভাবনা নেই। বরং ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসা প্রয়োজন।
ওই কমিটি বৃটেনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন যেন তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি কথা বলে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার জন্য।
পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ও ক্ষমতাসীন লেবার দলের সদস্য মাইক গেপস জানিয়েছেন, "যে সব সাক্ষ্যপ্রমাণ আমরা সংগ্রহ করেছি এবং আমাদের ইরান সফরের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে, ইরানের পরমাণু অস্ত্রের আকাঙ্খা এখনও বিদ্যমান।"
গেপস বলেন, "২০১৫ সালের মধ্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের সমূহ সম্ভাবনা রয়েছে।"
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সময় নাগাদ ইরান বেসামরিক পরমাণু প্রযুক্তির সামর্থ্য এবং সম্পদ ব্যবহার করে তার ইচ্ছেমত 'অল্প সময়ের মধ্যে' পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি অর্জন করে ফেলবে। এ ধরনের সামর্থ্য অর্জন করাকে 'ব্রেকআউট' সক্ষমতা বলে চিহ্নিত করে থাকেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞার বিষয়ে ভোটগ্রহণ হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরান জাতিসংঘের আহ্বান অমান্য করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে। ইরান পরমাণু চুল্লির জ্বালানি উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
অবশ্য এই পরমাণু কর্মসূচিকে অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানোর জন্য পরিচালিত এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে ইরান। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বশক্তিগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৫৪৭ ঘ.
bdnews24