ইয়েভেরান, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি )-- আর্মেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফল বিরোধী বিক্ষোভ দমন করতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর বিরোধীদলীয় কর্মীরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ বন্ধ করেছে।
শনিবার নির্বাচনে পরাজিত লেভন তের-পেত্রোসিয়ানের সমর্থক হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। পরে পেত্রোসিয়ানের এক লিখিত বার্তা প্রচারিত হলে বিক্ষোভ শান্ত হতে থাকে।
১৯ ফেব্র"য়ারি নির্বাচনে ভোট ডাকাতি এবং নির্বাচনী ফল প্রধানমন্ত্রী সার্জ সার্কসিয়ানের প্রেসিডেন্ট পদ লাভের অনুকূলে গেছে অভিযোগে বিরোধীদল বিক্ষোভে রাস্তায় নামে। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্ততপক্ষে ৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ।
পরাজিত প্রেসিডেন্ট পদপ্রাথীর্ লেভন তের-পেত্রোসিয়ানের প্রায় ২ হাজার সমর্থক হাতে রড এবং ককটেল নিয়ে বিক্ষোভে শামিল হয়। পরে তের- পেত্রাসিয়ান তার সমর্থকদের বাড়ী ফিরে যাওয়ার লিখিত আহ্বান জানালে বিক্ষোভ শান্ত হয়ে আসে। বার্তায় পেত্রোসিয়ান লেখেন, তিনি পুলিশ এবং নিরীহ মানুষের মধ্যে কোনো সংঘর্ষ চান না।
আর্মেনিয়ার বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট কোচারিয়ান জরুরি অবস্থা ঘোষণার পর সব ধরনের জনসমাগম এবং গণমাধ্যমে প্রচারিত সংবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই জরুরি অবস্থা ২০ মার্চ পর্যন্ত জারি থাকবে।
নির্বাচনের সরকারি ফলাফল অনুযায়ী, সের্গে সার্কসিয়ান ৫৩ শতাংশ এবং সাবেক রাষ্ট্রপতি লেভন তের-পেত্রোসিয়ান ২১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।
এই বিক্ষোভ রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার সুসম্পর্ক ও ইউরোপে আর্মেনিয়ার বাজারের স্থিতিশীলতা নষ্ট করছিল বলে জানিয়েছে সাংবাদিকরা।
রাষ্ট্রপতি কোচারিয়ান অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছিল উল্লেখ করে বলেন,"আমি আর্মেনিয়ার জনগণের কাছে সহনশীলতা ও বিবেচনাবোধ প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি।"
বিক্ষোভকালে রাজধানীতে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে চরম সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ও পেট্রোল বোমা ছোঁড়ে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভ দমন করতে ট্রেসার বুলেট ছোঁড়ে।
বিক্ষোভকারীদের মধ্যে আহত বা নিহতের কোন সরকারি হিসাব দেয়া হয় নি, তবে আট জন পুলিশ সদস্য আহত হয়েছে জানানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একজন বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে।
রয়টার্স একজন বিক্ষোভকারীর উদ্ধৃতি দিয়ে জানায়, "বিক্ষোভকারীদের একটি মিছিল ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে সম্ভবত তা কোথাও লেগে ফিরে আসে।"
বিবিসি ওয়েবসাইটকে একজন বিক্ষোভকারী জানিয়েছে,সে একটি দেহ এ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে দেখেছে।
সে জানায়,"রাত এগারোটার দিকে আমরা একটি ১২ বছরের ছেলের মৃতদেহ দেখেছি। সে নড়াচড়া করছিল না। আমি জানি না সে গুলিতে মারা গিয়েছে কি না।"
সে আরও জানিয়েছে, তার সঙ্গে আরও অনেকে সেনাবাহিনীর তাড়া খেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৪২৯ঘ.
bdnews24