কুয়ালালামপুর, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী পার্লামেন্ট নির্বাচনে মুসলিম ভোটারদের টানতে প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি। মুসলিম অধ্যুষিত তেরেঙ্গানু প্রদেশে শনিবার তিনি সমাবেশ করেছেন।
মালয়েশিয়ায় আগামী ৮ মার্চ অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে সংখ্যগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় টিকে থাকার আশা করছেন প্রধানমন্ত্রী বাদাবি। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামপন্থী বিরোধী দল 'পার্তি ইসলাম ছে-মালয়েশিয়া'। এ দলটি মুসলিম ভোটে ভাগ বসাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় তেরেঙ্গানু প্রদেশে বাদাবির শনিবারের সমাবেশে যোগ দেয় প্রায় ২০ হাজার মানুষ । এতে তিনি বলেন, "ইসলাম উন্নয়নের ধর্ম।" শনিবার যেখানে সমাবেশ হয়েছে ঠিক সেই স্থানে গত সেপ্টেম্বর মাসে পিএএস সমর্থিত সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী আহত হয়েছিল।
পিএএসকে উন্নয়ন বিরোধী দল অভিহিত করে তিনি বলেন, তার বহুজাতীয় জোট 'বারিজান ন্যাশিওনাল' (বিএন) তেল সমৃদ্ধ প্রদেশটির অর্থনৈতিক উন্নয়নে আরও অনেক কিছু করবে। বাদাবির জোট ২০০২ সালে নির্বাচনে জেতার আগে চার বছরের জন্য এই প্রদেশের নিয়ন্ত্রণ ছিল পিএএস এর হাতে।
বাদাবি বলেন, "আমি জানি তেরেঙ্গানুর মানুষ আরও বেশি উন্নয়ন চায়। এই প্রদেশের উন্নয়নের জন্য বিএন আগামী পাঁচ বছরে আরও অনেক কিছু করবে।"
১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর হতে ক্ষমতাসীন জোট বিএন মালয়েশিয়াকে কেন্দ্রীয়ভাবে শাসন করছে। কিন্তু তেরেঙ্গানু ও পার্শ্ববর্তী কেলানতান প্রদেশে বিএন তাদের কর্তৃত্ব ধরে রাখতে পারেনি। ওই এলাকা পিএএস এর ঘাঁটি হিসেবে পরিচিত।
বাদাবি তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন "পিএএস কেন উন্নয়ন চায় না?"
বিগত সময়ে ইসলামি আইনের চর্চা করার (ফতোয়া জারি) জন্য তিনি পিএএস'র সমালোচনা করেন। পিএএস তাদের সমর্থকদের মধ্যে এমনও প্রাচারণা চালিয়েছে যে তাদের ভোট দিলে সবাই বেহেশ্তে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮০৯ ঘ.
bdnews24