ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের সব ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ করার এক বিশাল প্রকল্প হাতে নিচ্ছে ভারতের সরকার। প্রায় ষাট হাজার কোটি রুপির এই ঋণ মওকুফ উদ্যোগ নতুন বাজেটের অন্যতম প্রধান দিক।
দুই হেক্টরের কম জমির মালিক কৃষকরা এই ঋণ মওকুফের আওতায় পড়বেন।
ভারত সরকার বলেছে, মুদ্রাস্ফীতি রোধেও তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়িয়ে যথাক্রমে ২০ শতাংশ এবং ১৫ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
২০০৯ সালের নির্বাচনকে সামনে রেখে দেওয়া এই বাজেটকে মনে করা হচ্ছে জনগণের মন জয়ের বাজেট হিসেবে। এই বাজেটে খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারেও জোর দেওয়া হয়েছে।
ভারতীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম বলেন, "অভ্যন্তরীণ পণ্যের মূল্য নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চাপ, বিশেষ করে খাদ্য সামগ্রীর মূল্য। চলতি বছরে খাদ্য সামগ্রী সরবরাহ ব্যবস্থাপনাই হবে সবচেয়ে কঠিন কাজ।"
এই ঋণ মওকুফের সিদ্ধান্তে ভারতের কৃষক শ্রেণীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, জমির পরিমাণের ব্যাপারে বেশি কড়াকড়ি করা হয়েছে।
দারিদ্রপীড়িত কৃষকদের দুর্দশা নিয়ে আন্দোলন করা একটি কৃষক সংগঠনের সদস্য মোহন মনিদওয়ার বলেন, মধ্য ভারতের বিদর্ভ অঞ্চলের অধিকাংশ কৃষকই এই সুবিধা পাবে না।
অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম এই বাজেট প্রকাশ করার সময় বলেন, ভারতের বর্তমান প্রবৃদ্ধির হার আট দশমিক সাত শতাংশ। গত ২০০৬-০৭ র্অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল নয় দশমিক ছয় শতাংশ যা গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
ওই বেপরোয়া প্রবৃদ্ধি সামলাতে ভারতে সুদের হার বাড়ানো এবং রুপির সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল।
চিদাম্বরম বলেন, মুদ্রাস্ফীতি রোধ করা আমাদের বাজেটের মূলভিত্তিগুলোর একটি।
তিনি আরও বলেছেন, ভারতকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে তোলা সরকারের আরেকটি লক্ষ্য। তিনি গ্রামীণ অবকাঠামো এবং সড়ক নির্মাণেও বিপুল বরাদ্দের কথা ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৩৪৪ঘ.
bdnews24