ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শর্তহীনভাবে কিউবার নতুন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মতো নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা কিংবা ইরাক-নীতির আকস্মিক পরিবর্তন নিয়ে ডেমোক্র্যাট দলের অগ্রগামী প্রার্থী বারাক ওবামাকে বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। একইসঙ্গে এখনই এসব নিয়ে না ভেবে হিলারির সঙ্গে মনোনয়নের দৌড়েই নিজের মনোযোগ নিবদ্ধ রাখতেও ওবামাকে পরামর্শ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের সম্পর্কে এটিই বুশের প্রথম বড় ধরনের সরাসরি সমালোচনা।
হিলারির সঙ্গে সাম্প্রতিক এক বিতর্কে এসমস্ত বিষয়ে সিনেটর বারাক ওবামার মন্তব্যের সূত্র ধরে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ওবামাকে এভাবে আক্রমণ করেন বুশ।
বুশ বলেছেন, "আমি বলছি না যে, কথা বলার সময় কখনওই আসবে না। কিন্তু আমি বলতে চাই... রাউল কাস্ত্রোর সঙ্গে কথা বলার সময় এটা নয়।"
তিনি বলেন, "এটা ভুল বার্তা পাঠাবে....যারা মানবাধিকার এবং মানব মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে তাদেরকে ভয়াবহ সম্মান জানানো হবে এতে।"
একইসঙ্গে তিনি বলেন, ফিদেল কাস্ত্রোর সঙ্গে কোনো পার্থক্য নেই তার ভাই রাউলের।
বুশ বলেন, "আমি মনে করি সিনেটর ওবামার উচিৎ সিনেটর ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাতেই মনোযোগ নিবদ্ধ রাখা... কেননা তাদের কেউই এখনও নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে পারেননি।"
ইরাক থেকে বেশি সংখ্যক সেনা প্রত্যাহার এবং কেবল আল-কায়েদা যাতে ঘাঁটি গাড়তে না পারে তার জন্য কিছু সেনা পাঠানো সম্পর্কে ওবামার মতামত সম্পর্কে প্রশ্ন করা হলে বুশ ওই সংবাদ সম্মেলনে একথা বলেন।
ডেমোক্র্যাট সিনেটর ওবামাও দ্রুততার সঙ্গেই বুশের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন।
ওবামা বলেছেন, "মার্কিন জনগণ আর 'কিছুই না করার' কিউবা নীতি দেখতে চায় না। যে নীতি দিয়ে সেখানকার ভিন্নমতাবলম্বীদের মুক্তি নিশ্চিত করা যায়নি, দ্বীপটিতে গণতন্ত্র আনা যায়নি এবং ৫০ বছরেও সেখানে স্বাধীনতা প্রতিষ্ঠার পথে এগোনো যায়নি।"
কিউবা, ইরানের মতো দেশগুলোর নেতাদের সঙ্গে শর্তহীন আলোচনা এবং এ বিষয়ে মার্কিন নীতির পুনর্বিবেচনার পক্ষে শুরু থেকেই জোরালো বক্তব্য দিয়ে আসছেন ওবামা।
ওবামা বলেন, "পরবর্তী প্রেসিডেন্টের একটি দায়িত্ব হচ্ছে, আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং একটি বার্তা পৌঁছে দেওয়া যে, একটি নতু যুগ শুরু হয়েছে এবং যাদের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে ভয় পাই না আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24