২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে 'কেমিক্যাল আলী'র দীর্ঘপ্রতিক্ষীত ফাঁসির রায়

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চাচাত ভাই 'কেমিক্যাল আলী' নামে পরিচিত আলী হাসান আল-মাজিদের ফাঁসি কার্যকরের সবুজ সংকেত দিয়েছে ইরাকের প্রেসিডেন্সি কাউন্সিল। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

বাগদাদ, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চাচাত ভাই 'কেমিক্যাল আলী' নামে পরিচিত আলী হাসান আল-মাজিদের ফাঁসি কার্যকরের সবুজ সংকেত দিয়েছে ইরাকের প্রেসিডেন্সি কাউন্সিল। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। ১৯৮০'র দশকে ইরাকে কুর্দি হত্যাযজ্ঞ 'আনফাল অভিযানে' জড়িত কেমিক্যাল আলী ও অন্য দুজনের ফাঁসির বিষয়টি আইনি জটিলতার কারণে গত কয়েক মাস ধরে ঝুলে ছিল। এবার তাদের ফাঁসি কার্যকরের অনুমতি দিয়ে এ পথে সব বাধা দূর করল প্রেসিডেন্সি কাউন্সিল। কাউন্সিল জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এখন নিজেদের মত করে ব্যবস্থা নিতে পারে। প্রেসিডেন্ট জালাল তালাবানিসহ তার দুই সহযোগি ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমি ও ভাইস প্রেসিডেন্ট আদিল আব্দুল মাহদিকে নিয়ে এই কাউন্সিল গঠিত। কাউন্সিলের এক সূত্র রয়টার্সকে বলেছেন, "কেমিক্যাল আলীসহ অন্যদের ফাঁসির ব্যাপারে কাউন্সিল দুদিন আগেই সম্মতি দিয়েছে।" প্রধানমন্ত্রী নূরি আল মালিকির একজন পরামর্শকও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা জানিয়েছেন, ফাঁসির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে কাউন্সিল সূত্র জানিয়েছে, সাদ্দাম আমলের প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশিম ও সাবেক সেনা কমান্ডার হুসেইন রশিদ মুহাম্মদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদের নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে। ভাইস প্রেসিডেন্ট হাশেমি জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের নির্দেশ পালনের জন্য সেনা কমান্ডারদের শাস্তি হওয়া উচিৎ বলে তিনি মনে করেন না। কেমিক্যাল আলী ও সাদ্দাম আমলের অন্য সদস্যদের জিম্মাদার মার্কিন সেনারা জানিয়েছে, তাদের হস্তান্তর করার জন্য ইরাকি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ তারা এখনও পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫১০ ঘ.