২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ইউরোপকে আরও বেশি কিছু করতে হবে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি কিছু করতে হবে। তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ওপর নির্ভর না করার জন্য তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

বেমন্ট, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি কিছু করতে হবে। তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ওপর নির্ভর না করার জন্য তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান। টেক্সাসের বেমন্টে নির্বাচনী প্রাচারাভিযানের সময় ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হ্যারির আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার প্রশংসা করে ওবামা বলেন, আফগানিস্তানের জন্য ন্যাটো মিত্রদের আরও বেশি কিছু করা উচিৎ। তিনি বলেন, "ন্যাট্যো মিত্রদের প্রতি সম্মান জানিয়ে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তাদের কাছ থেকে আমরা আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা আশা করছি আফগানিস্তানের জন্য তাদের কাছ থেকে আরও বেশি সেনা পাব।" ইলিয়নসের সিনেটর ওবামা বলেন, "যুদ্ধ থেকে পিছিয়ে আসার মনোভাব ন্যাটো দেশগুলোর জন্য মানানসই নয়।" তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করেননি। আফগানিস্তানে আরও বেশি সেনা মোতায়েন এবং যে সেনা সেখানে আছে তাদের আরও বেশি ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলে পাঠানোর জন্য ন্যাটো সদস্যদের চাপের মুখে আছে জার্মানি। ওবামা জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে মার্কিন প্রশাসন ইউরোপীয় মিত্রদের পররাষ্ট্রনীতি গভীর পর্যবেক্ষণে রাখবে। তিনি বলেন, "আমি মনে করি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আরও বেশি কিছু পাওয়ার জন্য আমাদের তাদের কাছে যেতে হবে। যে সমস্ত বিষয়ে তাদের আপত্তি আছে সে বিষয়গুলোতে আমারা যে তাদের মতামত জানতে চাই এটাও তাদের বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। এ তালিকায় প্রথমেই থাকতে পারে ইরাক যুদ্ধ।" গত মঙ্গলবার এক বিতর্কের সময় ওবামার অন্যতম প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন অভিযোগ করেন, আফগানিস্তান সমস্যা কিভাবে সমধান করা হবে সে ব্যাপারে ওবামা কিছুই বলছেন না। পররাষ্ট্র নীতিতে অনভিজ্ঞ ওবামার হাতে মার্কিন বিদেশনীতির দায়িত্ব চলে গেলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুকিপূর্ণ হবে বলে এর আগেও মন্তব্য করেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৩৫ ঘ.