২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর বিদ্রোহীদের চাপ দিতে পশ্চিমাদের প্রতি চীনের আহ্বান

সুদান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য দারফুর বিদ্রোহীদের চাপ দিতে পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

খার্তুম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স ) - সুদান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য দারফুর বিদ্রোহীদের চাপ দিতে পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। দারফুরে চীনের বিশেষ প্রতিনিধি লিউ গুইজিং সুদানের যুদ্ধবিধ্বস্ত পশ্চিমাঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সেনা মোতায়েনের পথে বাধা হয়ে থাকা কৌশলগত ইস্যুগুলোতে খার্তুম সরকারকে আবারও নমনীয় হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে লিউ আরও জানান, দারফুর নিয়ে রাজনৈতিক আলোচনায় কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। চীন সুদানের তেল উৎপাদনশিল্পে সবচেয়ে বড় বিনিয়োগকারি দেশ এবং চীনই সুদানে সিংহভাগ অস্ত্র সরবরাহ করে থাকে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশির এবং অন্যান্য শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার পর লিউ বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় বস্তুনিষ্ঠ কোনো অগ্রগতি হয়নি--- এটি দু:খজনক। দারফুরের প্রধান পাঁচটি বিদ্রোহী দলের মধ্যে মাত্র দুটি শান্তি আলোচনায় রাজী হয়েছে এবং তাদের অবস্থান জানিয়েছে। কিন্তু অক্টোবরে লিবিয়ায় ব্যর্থ সম্মেলনের পর থেকে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে। লিউ গুইজিং বলেন, "এখনও পর্যন্ত যে সমস্ত বিদ্রোহী দল শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে তাদের ওপর ইতিবাচক প্রভাব খাটিয়ে তাদেরকে আলোচনায় শামিল করানোর জন্য আমরা পশ্চিমা বন্ধুভাবাপন্ন দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৭ঘ.