জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে বুধবার বিলম্বের আভাস দিয়েছেন কুটনীতিকরা। তারা জানান, ভোটাভুটি এ সপ্তাহে হওয়ার কথা থাকলেও আগামী সপ্তাহের আগে তা সম্ভব নাও হতে পারে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বরবার বলে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। এর আগে দুই দফা অবরোধ আরোপ সত্ত্বেও ইরান তাদের পরমাণু প্রকল্প বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কুটনীতিক রয়টার্সকে বলেন, "ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে আগামী সপ্তাহের আগে ভোটাভুটি সম্ভব হবে বলে মনে হচ্ছে না।" অন্য কুটনীতিকেরাও তার এই বক্তব্যকে সমর্থন করেন।
তেহরানের ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপের জন্য গত ২২ জানুয়ারি বার্লিনে একটি খসড়া প্রস্তাব নিয়ে মতৈক্যে পৌঁছেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি।
যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল এ সপ্তাহের মধ্যে ভোটাভুটি করতে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও আশা ছাড়েননি। আগামী দুই দিনের মধ্যে ভোটাভুটি হতে পারে বলে তারা জানিয়েছেন।
জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র রিচার্ড গ্রেনেল বলেন, "আমাদের ইচ্ছা এ সপ্তাহের মধ্যে ভোটাভুটি করে ফেলা।" জাতিসংঘে মার্কিন দূত জালমে খালিদজাদ জানিয়েছেন, আগামী শুক্রবারে ভোটের জন্য তিনি চেষ্টা করছেন।
আবরোধের নতুন এই প্রস্তাবে ইরানের কয়েকটি কোম্পানি ও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এর আগে ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের মার্চে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24