কাঠমান্ডু, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের রাজা জ্ঞানেন্দ্র এবং তার আত্মীয়-স্বজনের কাছে প্রায় আট লাখ ৮০ হাজার মার্কিন ডলারের বিদ্যুৎ বিল বাকি পড়েছে। বৃহস্পতিবার দেশটির একটি পত্রিকা এ খবর জানিয়েছে।
এক কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক 'কান্তিপুর' জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত রাজার প্রধান প্রাসাদ এবং তার আত্মীয়-স্বজনের বাড়ি ও অন্যান্য বাংলোর বিদ্যুৎ বিল প্রায় দুই বছর পরিশোধ করা হয়নি।
২০০৬ সালে গণবিক্ষোভের মুখে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ছাড়তে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র। এর আগ পর্যন্ত যে দীর্ঘ সময় তিনি এককভাবে নেপালের শাসনকাজ পরিচালনা করেছেন তখন সরকারিভাবে তার বিদ্যুৎ বিল পরিশোধ করা হতো। কিন্তু নেপালের নতুন সরকার তার কাছ থেকে প্রায় সব ক্ষমতাই কেড়ে নেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে রাজা যেসব সুবিধা ভোগ করতেন তারও প্রায় অধিকাংশ প্রত্যাহার করে নিয়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, "দুই বছর ধরে আমরা আর কোনো বিদ্যুৎ বিল পাইনি। প্রত্যেক মাসেই আমরা বিল পাঠিয়েছি। কিন্তু এ বিষয়টি কেউ আমলে নেয়নি।"
ওদিকে রাজপ্রাসাদের এক কর্মকর্তা জানিয়েছেন, বিল পরিশোধ করার বিষয়টি সরকারের ওপর ন্যস্ত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "টেলিফোন, বিদ্যুৎ ও পানিসহ প্রাসাদের বিল সরকারকে দিতে হবে। এ নিয়ে কখনওই সমস্যা হয়নি।"
সাবেক মাওবাদী গেরিলাসহ নেপালের ক্ষমতাসীন জোট গত ডিসেম্বর মাসে সম্মত হয়েছে আগামী এপ্রিল মাসের জাতীয় নির্বাচনের পর দেশটির কয়েক শতকের রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হবে।
ডিসেম্বরের ওই সিদ্ধান্তের পর নেপালি মুদ্রার নোটে রাজার ছবির স্থলাভিষিক্ত হয়েছে মাউন্ট এভারেস্টের ছবি। এছাড়া সরকারি ভবনগুলোতেও আর দেখা যাচ্ছে না রাজার প্রতিকৃতি।
নেপালি বিদ্যুৎ কর্তৃপক্ষের ওই কর্মকর্তা আরও বলেছেন, অর্ন্তবর্তী সরকারের সাত দল সম্মতি দিলে বিল সংক্রান্ত অনিয়মের কারণে রাজপ্রাসাদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৪১৫ ঘ.
bdnews24