২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে আলোচনায় বসানোর পথ খুঁজছে ৬ বিশ্বশক্তি

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেওয়ার পাশাপাশি দেশটিকে আলোচনার টেবিলে বসানোরও পথ খুঁজছে ৬ বিশ্বশক্তি। মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেওয়ার পাশাপাশি দেশটিকে আলোচনার টেবিলে বসানোরও পথ খুঁজছে ৬ বিশ্বশক্তি। মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা মঙ্গলবার একথা বলেছেন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর তৃতীয় দফায় অবরোধ আরোপ নিয়ে সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন বিশ্বের ৬ শক্তিধর দেশের প্রতিনিধিরা। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কৌশলগত দিক ও নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্সের ঊর্ধ্বতন কূটনীতিকরা। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টম ক্যাসি বলেন, খসড়া নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে এ সপ্তাহেই ভোটাভুটি আশা করছি। নিউ ইয়র্কে এ নিয়ে আলোচনা চলছে। তবে কূটনীতিকরা এও বলছেন যে, ইরানকে ইনসেনটিভ দেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে। ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের বদলে লোভনীয় প্রস্তাব দেওয়ার পক্ষে রয়েছে রাশিয়া ও চীন। সোমবারের বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে ক্যাসি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে ইরানকে পরমাণু কর্মসূচি ত্যাগ করানোর জন্য চাপ দেওয়ার ব্যাপারে চীন ও রাশিয়া আরও বিস্তারিত প্রমাণ চাইবে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে। চীন ও রাশিয়ার প্রতি ইঙ্গিত করে টম ক্যাসি বলেন, "ইরানের পরমাণু প্রকল্পের হুমকি নিয়ে তারা দ্বৈতনীতি অব্যাহত রেখেছে।" যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স চাইছে চলতি সপ্তাহেই ইরানের ওপর অবরোধ আরোপ করতে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলকিউ/১৯৩৬ ঘ.