বাগদাদ, ফেব্র"য়ারি, ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকে কুর্দি পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক সেনাবাহিনীর অভিযানের কড়া নিন্দা জানিয়েছে ইরাক। একইসঙ্গে অবিলম্বে সেনা সরিয়ে নিয়ে ইরাকের স্বার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ।
তুরস্কের সেনারা গত বৃহস্পতিবার পিকেকে গেরিলাদের নির্মূল করতে উত্তর ইরাকে প্রবেশ করে। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগের ইস্যুকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, "মন্ত্রিসভা উত্তর ইরাকে তুর্কি সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছে এবং এর নিন্দা জানাচ্ছে।"
মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, "একতরফা সেনা অভিযান মেনে নেওয়া যায় না। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক হুমকির সম্মুখীন হচ্ছে।"
দাব্বাগ মঙ্গলবার জানিয়েছেন, প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে বুধবার তুর্কি দূতের দেখা করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ঘ.
bdnews24