২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই পার্লামেন্টের স্পিকারের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

থাইল্যান্ডে অভ্যুত্থান পরবর্তী সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করা পিপল পাওয়ার পার্টির (পিপিপি) উপনেতা ও পার্লামেন্টের স্পিকার ইয়ঙ্গুত তিয়াপাইরাতের বিরুদ্ধে মঙ্গলবার বিগত নির্বাচনে ভোট কেনায় জড়িত থাকার অভিযোগ এনেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ব্যাংকক, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে অভ্যুত্থান পরবর্তী সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করা পিপল পাওয়ার পার্টির (পিপিপি) উপনেতা ও পার্লামেন্টের স্পিকার ইয়ঙ্গুত তিয়াপাইরাতের বিরুদ্ধে মঙ্গলবার বিগত নির্বাচনে ভোট কেনায় জড়িত থাকার অভিযোগ এনেছে নির্বাচন কমিশন। আদালতে বিষয়টি প্রমাণ হলে তিয়াপাইরাতের দল পিপিপি দলীয়ভাবে ভোট কেনায় জড়িত ছিল কি না তার তদন্ত শুরু করবে নির্বাচন কমিশন। তেমন প্রমাণ পাওয়া গেলে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার 'থাই রাক থাই' পার্টির মতো সাংবিধানিক আদালতের মাধ্যমে পিপিপি-কে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নিতে পারে কমিশন। পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ৩-২ ভোটে স্পিকারের বিরুদ্ধে ওই রায়ে জানায় "এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে, তিনি ভোট কেনায় জড়িত ছিলেন"। নির্বাচন কমিশনার সোমচাই জাংপ্রাসার্ত সাংবাদিকদের একথা জানান। ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বিষয়টি আদালতে বিচারাধীন থাকাকালে দলীয় স্বার্থ বিবেচনায় স্পিকারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়াঙ্গুত। থাকসিনের ঘনিষ্ঠ মিত্র এবং থাকসিন সরকারের সাবেক মন্ত্রী ইয়ঙ্গুত বলেছেন, "পিপল পাওয়ার পার্টির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং আমাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার জন্য এটা করা হচ্ছে।" ওদিকে, নির্বাচন কমিশনের ওই রায়ের পর থাইল্যান্ডে আবারও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় মঙ্গলবার ব্যাংকক স্টক এক্সচেঞ্জের সূচক ১ দশমিক ৭ ভাগ নেমে যায়। অবশ্য সহসাই যে বিষয়টির সমাধান হচ্ছে না তার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান সুথিফন থাভিচাইয়াগার্ন। তিনি জানান, ইয়ঙ্গুতের বিরুদ্ধে ওই রায়ের বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে প্রায় দু'সপ্তাহ সময় লেগে যাবে। থাইল্যান্ডের আইন বিশষেজ্ঞরা বলছেন, আদালতে এর সুরাহা হতে কয়েক মাস সময় লাগতে পারে। আদালতে ইয়াঙ্গুত দোষী সাব্যস্ত হলে তখন পিপিপির দলীয়ভাবে জড়িত থাকার অভিযোগর তদন্ত শুরু হবে। এরপর বিষয়টি সাংবিধানিক আদালতে গড়াতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.