ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী বারাক ওবমাকে বিদেশ নীতিতে অনভিজ্ঞ উল্লেখ করে সোমবার বলেছেন, তার হাতে মার্কিন বিদেশ নীতির নেতৃত্ব তুলে দেওয়া ঝুকিপূর্ণ হবে।
মার্কিন পররাষ্ট্র নীতি সম্পর্কে হিলারি বলেন, "ওবামা একবার বলছেন, নির্বাচিত হলে গুরুত্বপূর্ণ সব সমস্যা মোকাবেলায় তিনি ইরান ও কিউবার মত শত্র"দের সঙ্গে আলোচনায় বসবেন, আবার পরেক্ষণেই বলছেন, পাকিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন। তিনি আসলে কি করবেন তা পরিস্কার নয়।"
নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্টলেডি হিলারি বলেন, "ওবামার কথা শুনে মনে হচ্ছে তিনি মার্কিন মিত্রদের সহযোগিতা ছাড়াই শত্র"দের সঙ্গে আলোচনা করে সব সমস্যার সমাধান করে ফেলবেন।"
তিনি আরও বলেন, "পূর্বশর্ত ছাড়া আমরা মার্কিন শত্র"দেশের সঙ্গে প্রেসিডেন্ট পর্যায়ে আলোচনা করতে পারি না। এর মাধ্যমে তাদের বৈধতা দিলে আমেরিকার মর্যাদা রক্ষা হয় না। তার কথা হয়ত শুনতে ভাল লাগবে কিন্তু তা পররাষ্ট্রনীতির জন্য উপযুক্ত নয়।"
হিলারির সমালোচনার জবাবও দিয়েছেন ওবামা। তিনি বলেছেন, "আমাদেরকে কূটনীতির শক্তিকে পুনরায় উদ্ধার করতে হবে। কাজেই নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই আমি বলে আসছি, আমি শুধু মিত্রদের নিয়ে থাকব না বরং শত্র"দেরও বুঝতে চেষ্টা করব। শুধু যে সমস্ত নেতাদের আমি পছন্দ করি তাদের সঙ্গে মিশলাম আর যাদের পছন্দ করি না তাদের এড়িয়ে চললাম তা ঠিক নয়।"
টেক্সাস ও ওহাইয়োর ভোটাভুটিকে সামনে রেখে হিলারি ক্লিনটন ও ওবামার বাকযুদ্ধ বেশ জমে উঠেছে। পররাষ্ট্রনীতি, স্বাস্থ্যনীতি থেকে বাণিজ্য, এমনকি ব্যক্তিগত বিষয় নিয়েও কেউ কাউকে সমালোচনা করতে ছাড়ছেন না।
অনেক বেশি সংখ্যক প্রতিনিধি সমৃদ্ধ টেক্সাস ও ওহাইয়োতে আগামী ৪ মার্চ প্রার্থীবাছাই পর্বের নির্বাচন (প্রাইমারী) অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনী মনোনয়ন দৌড়ে পরপর ১০টি রাজ্যে ইলিনয়ের সিনেটর বরাক ওবামার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছেন নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
এই অবস্থায় নিজের প্রার্থীতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন হিলারি। বিভিন্ন বিষয় নিয়ে তিনি ওবামাকে আক্রমণ করছেন। ওবামাও হিলারির আক্রমণের জবাব দিতে ছাড়ছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24