বাগদাদ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলের মালিকানাধীন 'আল-ফুরাত' টিভি চ্যানেলের বার্তা সম্পাদক ও তার ছেলেকে আটক করেছে মার্কিন সেনারা। ছেলেটির বিরুদ্ধে মার্কিন ও ইরাকি সেনাদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
গত সপ্তাহে বাগদাদের মধ্যাঞ্চলীয় কারাদা জেলায় অবস্থিত আল-ফুরাত টিভি চ্যানেলের কার্যালয়গুলোয় অভিযান চালিয়ে বার্তা সম্পাদক ও রাজনৈতিক অনুষ্ঠানের ব্যবস্থাপক হাফোদ আল-বেশারাকে আটক করে সেনারা।
আল-ফুরাত টিভি চ্যানেলটি ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির সরকারের সবচেয়ে বড় শিয়া রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিল এর মালিকানাধীন। দলটির নেতা আবদুল আজিজ আল-হাকিম ওয়াশিংটনের আস্থাভাজন এবং গত নভেম্বর মাসে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন।
রয়টার্সকে ই-মেইলে পাঠানো প্রশ্নত্তোরে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বার্তা সম্পাদক বেশারাকে তার ছেলেকে গ্রেপ্তার অভিযানের সময় আটক করা হয়। এর আগে এক বিবৃতিতে ছেলেটিকে সন্দেহভাজন গোয়েন্দা জঙ্গি হিসাবে সনাক্ত করা হয়েছিল।
আটকাভিযানে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, বেশারার বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ মেশিনগান পাওয়ার কারণে তাকে আটক করা হয়েছে।
মাকির্ন সেনাবাহিনী জানিয়েছে, শিয়া জঙ্গিদের 'বিশেষ সংগঠনগুলোর' সঙ্গে বেশারার ছেলের সম্পর্ক আছে বলে সন্দেহ করা হয়। তাদের অভিযোগ, এ বিশেষ সংগঠনগুলো ইরানের কাছ থেকে অস্ত্র ও অর্থ সাহায্য পেয়ে আসছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বেশারার ছেলে টিভি চ্যানেলটিতে চাকরি করতেন না। বেশারা গ্রেপ্তার ঘটনাকে উস্কানিমূলক হিসাবে অভিহিত করেছেন 'আল ফুরাত' চ্যানেলের ব্যবস্থাপক আব্বাস আল-এসাবি ।
রয়টার্সকে তিনি বলেন, "মার্কিন সেনারা শনিবার রাতে আমাদের টিভি স্টেশনে অভিযান চালায়। তারা সব নিরাপত্তারক্ষীকে একটি কক্ষে নিয়ে যায় এবং তাদের অস্ত্র নিয়ে নেয়।" অবশ্য, মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে ওই অভিযান চালানো হয়েছিল।
তিনি বলেন, এরপর সেনারা চ্যানেলটির পেছনের একটি ভবনে তল্লাশি চালায় এবং বেশারা ও তার ছেলেকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, "তারা আমাদের বলেছে: 'তার (বেশারা) সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তাকে শুধু কিছু প্রশ্ন করতে চাই।',"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২৫৮ ঘ.
bdnews24