বাগদাদ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ইরাকের অভ্যন্তরে তুরস্কের পিকেকে বিরোধী অভিযান দীর্ঘস্থায়ী হলে তুর্কি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে ইরাকি কুর্দিদের আঞ্চলিক নিরাপত্তা বাহিনী 'পেশমারগা' সেনারা। পরিস্থিতি সেদিকে গেলে তা এ অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফফাক আল-রুবাই।
রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে আল-রুবাই বলেন, "যত বেশি এবং যত দীর্ঘ সময় তুর্কি সেনারা ইরাকি ভূখণ্ডের ভেতরে থাকবে, এমনটি ঘটার আশঙ্কা ততই বাড়তে থাকবে।"
তিনি বলেন, "যে কোনো মূল্যে এ পরিস্থিতি এড়াতে হবে আমাদের। দুর্ঘটনাবশত এমনটা ঘটলেও তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে"।
উত্তর ইরাকের অনেকটাই স্বায়ত্ত্বাসিত কুর্দিস্তান অঞ্চলে ঘাঁটি গাড়া কুর্দিস্তান ওয়ার্র্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার বড় ধরনের সেনা অভিযান শুরু করে তুরস্ক। স্থল সেনাদের পাশাপাশি সেখানে বিমান হামলাও চালাচ্ছে তুর্কি সেনারা।
ওদিকে, ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা বাহিনী বা পেশমারগা সেনারা এখন পর্যন্ত তুর্কি সেনা ও পিকেকে'র সংঘর্ষ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। তুর্কি সেনাদের সঙ্গে পিকেকের সংঘর্ষ মূলত দুর্গম পার্বত্য অঞ্চলে হওয়ায় এখনও মুখোমুখি অবস্থায় পড়তে হয়নি তুর্কি ও পেশামারগা সেনাদের। ওই অঞ্চলটিতে তাদের তেমন নিয়ন্ত্রণ নেই বলেও জানান কুর্দিস্তান প্রশাসনের কর্মকর্তারা।
কিন্তু অভিযান আরও দীর্ঘায়িত হলে কিংবা তুর্কি বাহিনী আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলে ওই সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
তারা জানান, তুর্কি অভিযানের কারণে স্থানীয় গ্রামবাসীরাসহ বেসামরিক লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
এমনিতে, পিকেকে গেরিলা এবং তাদের উদ্দেশ্যের প্রতি কুর্দিস্তান প্রশাসনের সহানূভূতি না থাকলেও বেসামরিক লোকজন তুর্কি অভিযানের শিকার হলে পেশমারগা সেনারা সেখানে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তারা।
ওদিকে, ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন বেসামরিক লোকজন যাতে এ অভিযানে ক্ষয়ক্ষতির শিকার না হন তার প্রতি যথাসম্ভব সতর্ক থাকার নিশ্চয়তা দিয়েছে তুরস্ক।
তুরস্ক দাবি করে আসছে ইরাকের অভ্যন্তরে ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে তুরস্কে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে পিকেকে।
দক্ষিণ তুরস্কে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া পিকেকে'র সশস্ত্র সংগ্রামে আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন সহিংসতায় তুরস্কে এ পর্যন্ত প্রায় ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করে আসছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24