ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং এবারের সাধারণ নির্বাচনে দ্বিতীয় স্থান লাভকারী পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফ সোমবার বলেছেন, মুশাররফ যত দ্রুত প্রেসিডেন্টের পদ ছাড়বেন ততই মঙ্গল।
বরখাস্ত বিচারকদের দ্রুত পুনর্বহাল করে মুশাররফের ক্ষমতার বৈধতা নিয়ে আদালতের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নওয়াজ। অন্যথায় পার্লামেন্টে 'ইমপিচ' করে তাকে হটানো হবে বলেও জানান মুশাররফের পুরনো শত্র" নওয়াজ শরীফ।
১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন এবং তাকে নির্বাসনে পাঠিয়ে দেন।
জোট সরকার গঠন সম্পর্কে রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় মুশাররফকে হটানো নিয়ে এসব কথা বলেন নওয়াজ।
তিনি জানান, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং তার দল পিএমএল-এনসহ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা পশতুনদের দল ন্যাশনাল আওয়ামী পার্টি (এএনপি) আগামী বৃহস্পতিবার সরকার গঠনের বিষয়ে বৈঠকে বসছে।
নওয়াজ বলেন, " মুশাররফ যত দ্রুত জনগণের রায় বুঝতে পারবেন এবং তা মেনে নেবেন ততই তার জন্য মঙ্গল।"
একইসঙ্গে যত দ্রুত সম্ভব পার্লামেন্ট অধিবেশন ডেকে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানান তিনি।
গত বছরের অক্টোবরে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন মুশাররফ। এর অর্থ হল পার্লামেন্টে ইমপিচমেন্টের শিকার না হলে কিংবা নতুন সরকার অন্যকোনভাবে তাকে সরিয়ে না দিলে আগামী ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন মুশাররফ।
সংবিধান সংশোধন করে মুশাররফ প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে নেন এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দেন। নতুন পার্লামেন্টের প্রথম কাজই হবে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা পুনরুদ্ধার করা।
আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। এর পরপরই প্রেসিডেন্ট মুশাররফ নবনির্বাচিত পার্লামেন্টের অধিবেশন ডাকবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আহ্বান জানাবেন।
অবশ্য মুশাররফকে এখনই ক্ষমতা থেকে হটানো হবে কি না তা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন পিপিরি প্রবীণ নেতা এবং আগামী সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী মাখদুম আমিন ফাহিম।
তার মতে পূর্ণাঙ্গ বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করার আগেই কোনো অস্থিতিশীল পরিস্থিতির ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১১ঘ.
bdnews24