জেরুজালেম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় চলমান ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে সোমবার হাজার হাজার ফিলিস্তিনির পরিকল্পিত বিক্ষোভ-সমাবেশে ভয়ঙ্কর রকম শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইসরায়েল। বিক্ষোভকালে ফিলিস্তিনিরা গাজা সীমান্ত ভেঙে ইহুদি ভূখণ্ডে ঢুকে পড়তে পারে আশঙ্কায় ইসরায়েল এ হুমকি দিল। অবশ্য, আয়োজকরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন।
আয়োজকরা জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে সুরক্ষিত সীমান্ত বরাবর প্রায় ৪০ থেকে ৫০ হাজার নারী ও শিশু শান্তিপূর্ণভাবে 'মানববন্ধন' করবে। এ সময় তারা গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ অবসানেরও আহ্বান জানাবে।
গত জুন মাসে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনীকি হটিয়ে ফিলিস্তিনি সংগঠন হামাসের যোদ্ধারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেই থেকে গাজা উপত্যকায় ইসরায়েল তাদের অবরোধ আরও জোরদার করা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে গত মাসে হামাস গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিসর সীমান্তর প্রাচীর ভেঙ্গে ফেলে। তখন ওই পথে হাজার হাজার ফিলিস্তিনি মিসরে প্রবেশ করে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকার সীমান্ত বরাবর সেনা এবং আধা-সামরিক দাঙ্গ পুলিশ প্রস্তুত রাখা হয়েছে। তারা আরও জানিয়েছেন, সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে হয় তা নিশ্চিত করতে তারা হামাসকে আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলি বেতারকে দেশটির সহকারী প্রতিরক্ষমন্ত্রী মাতান ভিলনেই বলেন, "আমি আশা করছি শেষ পর্যন্ত তারা বুঝেছে যে আমাদের সেনা মোতায়েন রয়েছে এবং আমরা প্রস্তুত। আর তাই আমরা আশা করছি গত কয়েক সপ্তাহ আগে সংঘটিত ফিলাডেলফিয়া করিডোর (মিসর সীমান্ত) এর ঘটনার পুনরাবৃত্তি হবে না।"
তিনি বলেন, "লোকজন যাতে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।"
এদিকে, সোমবারের এ পরিকল্পিত সমাবেশের আয়োজক হামাস এবং তাদের এক মিত্র সংগঠন জানিয়েছে, ইসরায়েলি সীমান্ত প্রাচীর ভেঙ্গে ফেলার কোনো ইচ্ছা তাদের নেই।
'পপুলার এন্টি-সিজ কমিটির' সভাপতি জামাল আল-খুদারি বলেন, "লোকজন সীমান্ত প্রাচীর ভাঙবে না। তবে বিশ্বকে তারা এটা দেখাবে যে অবরোধের অবসান হতেই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজ/১৫৪২ ঘ.
bdnews24