হংকং, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সরকার একথা জানিয়েছে।
এ নিয়ে চীনে গত বছরের ডিসেম্বর মাস থেকে এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা পৌঁছাল চার জনে।
গুয়াংডং এর স্বাস্থ্য বিভাগের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ৪৪ বছর বয়সী ঝাং গুয়াংডংয়ের পূর্বাঞ্চলীয় হেইফেং কাউন্টিতে অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে মৃত পোল্ট্রির সংস্পর্শে আসার পর তার দেহে ভাইরাস সংক্রমণ ঘটে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এরপর তার জ্বর ও কাশি বাড়তে থাকে। গত ১৬ ফেব্র"য়ারি তার অবস্থার আরও অবনতি হয়। কিন্তু ২২ ফেব্র"য়ারি আগ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এমন অবস্থায় হাসপাতালের চিকিৎসা ব্যর্থ হয় এবং অবশেষে তিনি মারা যান।
গুয়াংডং এর স্বাস্থ্য বিভাগের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "রোগীর অবস্থা ছিল খুবই মারাত্মক। সোমবার তিনি মারা গেছেন।"
গুয়াংডংয়ের 'সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল' পরীক্ষায় তার দেহে এইচ৫এন১ ভাইরাস ধরা পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১১ ঘ.
bdnews24