প্রভিডেন্টস, রোড আইল্যান্ড, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-টেক্সাস ও ওহাইয়োর ভোটাভুটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দল থেকে মনোনয়ন প্রত্যাশী প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও বারাক ওবামা একে অপরকে কঠোর ভাষায় আক্রমণ করে চলেছেন। স্বাস্থ্যনীতি থেকে বাণিজ্য, এমনকি ব্যক্তিগত বিষয় নিয়েও কেউ কাউকে সমালোচনা করতে ছাড়ছেন না।
অনেক বেশি সংখ্যক প্রতিনিধি সমৃদ্ধ টেক্সাস ও ওহাইয়োতে আগামী ৪ মার্চ প্রার্থীবাছাই পর্বের নির্বাচন (প্রাইমারি) অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনী মনোনয়ন দৌড়ে পরপর ১০টি রাজ্যে ইলিনয়ের সিনেটর বরাক ওবামার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছেন নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
এই অবস্থায় নিজের প্রার্থীতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে প্রায় মরিয়া হয়ে উঠেছেন হিলারি। বিভিন্ন বিষয় নিয়ে তিনি ওবামাকে আক্রমণ করছেন। ওবামাও হিলারির আক্রমণের জবাব দিতে ছাড়ছেন না।
পরিবর্তনের ওপর জোর দিয়ে ওবামা একের পর যে ভাষণ দিচ্ছেন তা নিয়ে মস্করাও করছেন হিলারি। ওবামা তার ভাষণে বলছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে যে সমস্ত সমস্যার মোকাবেলা করতে হবে তার সমাধান খুব সহজ নয়।
ওবামার এই বক্তব্য নিয়ে ঠাট্টা করে রোড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে হিলারি বলেন, "এখানে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, চলুন আমরা সবাই একতা গড়ে তুলি। তখন দেখবেন আমাদের আকাশ মুক্ত, সবদিক দিয়ে আমরা আলো পাচ্ছি। পাখি গান গাইছে। তখন সবাই জানবে আমরা যা করছি তা ঠিক আছে এবং বিশ্ব সঠিক পথেই চলেছে।"
ওহাইয়োর লরেইন থেকে ওবামা বাণিজ্যিক বিষয় নিয়ে হিলারির কথার জবাব দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) নিয়ে নিউইয়র্কের সিনেটর তার অবস্থান পরিবর্তন করছেন। ওবামা উল্লেখ করেন, হিলারির স্বামী সাবকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনই এই চুক্তির ব্যপারে পদক্ষেপ নিয়েছিলেন।
ওহাইয়োতে প্রাচাভিযানে ওবামা অর্থনৈতিক বিষয়কে জোর দিয়ে উপস্থাপন করছেন। স্থানীয় কর্মসংস্থান নষ্ট হওয়ার ভয়ে এখানে নাফটা মোটেও সমর্থন পায়নি।
এছাড়া, হিলারিকে ব্যক্তিগত বিষয়েও আক্রমণ করে ওবামা বলেন, "ক্লিনটনের সময় হিলরি নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি দেশের কো-প্রেসিডেন্ট। এটা রাজনৈতিক ভব্যতার পক্ষে মোটেও মানানসই নয়।"
অন্যদিকে, ওবামার একটি নির্বাচনী লিফলেটে তার স্বাস্থ্যনীতি সম্পর্কে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ এনে গত শনিবার হিলারি বলেন, এ ধরনের অপপ্রচার চালানোর জন্য ওবামার লজ্জা হওয়া উচিৎ।
তিনি বলেন, "আমার স্বাস্থ্যনীতিতে সামর্থ্যহীনদেরও স্বাস্থ্যবীমা কিনতে বাধ্য করা হবে বলে যে প্রচারণা চালানো হয়েছে (ওবামার লিফলেটে) তা যে সত্যি নয়, সিনেটের ওবামা নিজেও তা জানেন।"
তিনি আরও বলেন, "বিষয়টি মিথ্যা হওয়া সত্ত্বেও ভ্রান্ত প্রচারণায় ওবামা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যাচ্ছেন । এটা আশাব্যঞ্জক নয়, এটা ধ্বংসাত্মক, বিশেষত একজন ডেমোক্র্যাট হিসেবে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিয়ে এ ধরনের প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
ওবামা ওই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার প্রচার শিবিরের মুখপাত্র হিলারির এসব বিবৃতি-মন্তব্যকে 'নেতিবাচক প্রচারণা' বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪২৫ ঘ.
bdnews24