জাকার্তা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে সোমবার জাকার্তা সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
গেটস এর সঙ্গে সফররত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে ইন্দোনেশিয়ার সামরিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা হবে।
তারা আরও জানান, সামরিক সহযোগিতা নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বর্তমানে চীন ও অস্ট্রেলিয়ার যে ধরনের সমঝোতা রয়েছে সে ধরনের একটি সমঝোতাও হতে পারে দুই দেশের নেতাদের বৈঠকে। এ সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির পরিবর্তে একটি নীতিগত বিবৃতি প্রকাশ করার সম্ভাবনাই বেশি।
সফরের প্রাক্কালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেন, "ইন্দোনেশিয়া একটি বিশাল মুসলিম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ। আর আমি মনে করি ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আঞ্চলিক শক্তির প্রেক্ষাপটে নয়। বরং আমি মনে করি যেসব ক্ষেত্রে ইন্দোনেশিয়া আরও বড় ভূমিকা রাখতে সক্ষম সেরকম ক্ষেত্রে তাদের এমন ভূমিকার জন্যও এই সম্পর্ক গুরুত্পূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫০ ঘ.
bdnews24