হাভানা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় পাঁচ দশক ধরে কিউবার শাসন ক্ষমতায় থাকার পর ফিদেল কাস্ত্রোর সরে দাঁড়ানোর ঘোষণায় পশ্চিমা বিশ্বজুড়ে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জোরেশোরে প্রচারণা-প্রপাগান্ডা চালানো হলেও সেখানে তেমন কোন পরিবর্তন হবে বলে মনে করছে না জনগণ। পূর্ব ঘোষণা অনুসারে রোববারের পার্লামেন্ট অধিবেশনে কিউবার নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণার কথা রয়েছে।
ফিদেলের ছোট ভাই এবং দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে ফিদেলের উত্তরসূরী হিসেবে ঘোষণা করা হবে বলেই সবাই ধারণা করছেন। ২০০৬ সালের ৩১ জুলাই অন্ত্রের অস্ত্রোপচারের কারণে রাউলের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল।
যুক্তরাষ্ট্রে নির্বাসিত কাস্ত্রো-বিরোধী কিউবান এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিউবার গণতন্ত্রে উত্তরণের বিষয়ে উচ্চকন্ঠ হলেও দেশটির রাজধানী হাভানার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে আশার চেয়ে 'এতে কিছুই আসে যায় না' এমন মনোভাবই বেশি।
হাভানার ৪৮ বছর বয়সী পশুচিকিৎসক আডেলা এ সম্পর্কে বলেন, "পঞ্চাশ বছর ধরে সবকিছু একইরকম আছে, আর কোনো পরিবর্তন হবে বলেও মনে হয় না। এটা হতে পারে যে ফিদেলের চেয়ে রাউল কিছুটা আলাদা বলেই হয়তো কিছু পরিবর্তন হবে, কিন্তু সেসব বড় কিছু না।"
তিনি আরও বলেন, "অনেক হতাশা আছে, অনেক দুঃখ আছে। মানুষ এসবের ধার ধারে না।"
ওদিকে, ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বে যে বিরুদ্ধ প্রচারণা চালানো হচ্ছে সেসবের পাল্টা জবাব দিচ্ছেন কাস্ত্রো।
কিউবার কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমা'য় শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে কাস্ত্রো বলেছেন, তার অবসরের ঘোষণায় কিউবায় 'স্বাধীনতার' আহ্বানসহ পশ্চিমা প্রতিক্রিয়ার কারণে তার আদর্শগত শত্র"দের বিরুদ্ধে আবারও অস্ত্র (কলম) ধরতে বাধ্য হয়েছেন তিনি।
ফিদেল লিখেছেন, "পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন! বলে তারা সমস্বরে চেঁচাচ্ছে। আমিও তাদের সঙ্গে একমত তবে তা হওয়া দরকার যুক্তরাষ্ট্রে।"
'কাউন্সিল অব মিনিস্টারস' এবং 'কাউন্সিল অব স্টেটস' এর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও কিউবার কমিউনিস্ট পার্টির দলীয় প্রধানের পদে থেকে যাচ্ছেন ফিদেল কাস্ত্রো।
কাস্ত্রো আরও বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অবসর নিলেও "আদর্শিক যুদ্ধে" একজন কলম সৈনিক হিসেবে শত্র"পক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন তিনি।
অনেক বিশ্লেষক মনে করেন, ফিদেলের জীবদ্দশায় তার অনুসৃত নীতির বড় ধরনের কোনো পরিবর্তন করবেন না রাউল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24