সিনসিনাটি, যুক্তরাষ্ট্র, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থীতার দৌড়ে পিছিয়ে পড়া হিলারি ক্লিনটন অগ্রগামী প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে আক্রমণ করে কথা বলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। ওবামার একটি নির্বাচনী লিফলেটে তার স্বাস্থ্যনীতি সম্পর্কে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ এনে শনিবার হিলারি বলেছেন, এ ধরনের অপপ্রচার চালানোর জন্য ওবামার লজ্জা হওয়া উচিৎ।
বারাক ওবামা ওই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার প্রচার শিবিরের মুখপাত্র হিলারির এসব বিবৃতি-মন্তব্যকে 'নেতিবাচক প্রচারণা' বলে অভিহিত করেছেন।
নির্বাচনী মনোনয়নের দৌড়ে পরপর ১০ টি রাজ্যে ইলিনয়ের সিনেটর বরাক ওবামার লাগাতার বিজয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন নিউইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। ওবামাকে টপকাতে হলে মার্চের ৪ তারিখে ওহাইয়ো এবং টেক্সাসে ভালভাবে জেতার চেষ্টা চালাতে হবে হিলারিকে।
অনেক বেশি সংখ্যক প্রতিনিধি সমৃদ্ধ এ রাজ্য দুটিতে জয়ই হিলারিকে আবার নির্বাচনী প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে পারে। ফলে ওহাইয়ো ও টেক্সাসের নির্বাচনকে সামনে রেখে মরিয়া হয়ে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছেন হিলারি।
শনিবার ওহাইয়োর একটি নির্বাচনী সভা শেষে ওবামার লিফলেটে মিথ্যে প্রচারণার অভিযোগ এনে হিলারি সাংবাদিকদের বলেন, "ছিঃ বারাক ওবামা, আপনার লজ্জা হওয়া উচিৎ"।
তিনি বলেন, "আমার স্বাস্থ্যনীতিতে সামর্থ্যহীনদেরও স্বাস্থ্যবীমা কিনতে বাধ্য করা হবে বলে যে প্রচারণা চালানো হয়েছে (ওবামার লিফলেটে) তা যে সত্যি নয়, সিনেটের ওবামা নিজেও তা জানেন।"
তিনি বলেন, "এটিা সর্বৈব মিথ্যা হওয়া সত্ত্বেও ওই ভ্রান্ত প্রচারণার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যাচ্ছেন তিনি। এটা আশাব্যঞ্জক নয়, এটা ধ্বংসাত্মক, বিশেষত একজন ডেমোক্র্যাট হিসেবে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিয়ে এ ধরনের প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
কোনো ভুল হয়নি বলে উল্লেখ করে ওবামা বলেছেন, লিফলেটের তথ্য ঠিকই আছে। হিলারিই হয়তো এখন কোনো 'কৌশলগত' কারণে তার সুর বদলাচ্ছেন। কেননা, ওই লিফলেট ছাপানো ও বিলি করা হয়েছে এক সপ্তাহেরও বেশি আগে, কিন্তু এতোদিন কোনো কথা না বললেও এখন হঠাৎ করে তিনি এর সমালোচনা শুরু করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24