জাখু, ইরাক, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলারা রোববার উত্তর ইরাকে সংঘর্ষ চলাকালে একটি তুর্কি কোবরা হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে।
বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান আহমেদ দানিস রোববার টেলিফোনে রয়টার্সকে বলেন, "গতকাল সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ সময় ১৫০০ ঘণ্টায়) আমাদের যোদ্ধারা একটি কোবরা হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে।"
এ ঘটনার হতাহতের সম্পর্কে তিনি কোনো বিস্তারিত জানাননি। তবে বলেছেন, এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।
দানিস বলেন, সীমান্তর কাছাকাছি প্রত্যন্ত চামস্কু এলাকায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। তিনি বলেন, "সংঘর্ষ এখনও চলছে। গতকাল সন্ধ্যায় ইরাকের ভেতরে পিকেকে গেরিলাদের লক্ষ্য করে কামান ও বিমানের গোলা বর্ষণ হয়েছে।
এর আগে গত শনিবার দানিস বলেন, তুরস্ক বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ইরাকের কুর্দি অধুষ্যিত এলাকায় অভিযান শুরু করার পর পিকেকের যোদ্ধারা ২২ জন তুর্কি সেনাকে হত্যা করেছে।
তিনি বলেন, পিকেকের যোদ্ধারা নিহত তুর্কি সেনাদের ১৫ জনের লাশ উদ্ধার করেছে এবং গেরিলারা শিগগিরই নিহত তুর্কি সেনাদের নাম প্রকাশ করবে।
একইদিন তুর্কি সেনাবাহিনীর জেনারেল স্টাফ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অভিযান শুরুর পর তুরস্কের মাত্র সাত সেনা নিহত হয়েছে। যেখানে তাদের সেনারা ৭৯ জন পিকেকে গেরিলাকে হত্যা করেছে।
দুর্গম পার্বত্য এলাকায় এ সংঘর্ষ চলতে থাকায় উভয় পক্ষের নিহতের সংখ্যা সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।
ওদিকে, উত্তর ইরাকে তুরস্কের এ অভিযানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তুর্কি শহরগুলোয় বসবাসরত কুর্দিদের প্রতি আহ্বান জানিয়েছেন পিকেকে গেরিলাদের এক শীর্ষ কমান্ডার। রোববার পিকেকেপন্থি বার্তাসংস্থা ফিরাত একথা জানিয়েছে।
উত্তর ইরাকে পিকেকে গেরিলাদের ঊর্ধ্বতন কমান্ডার বাহোজ এরদালের বরাত দিয়ে বার্তাসংস্থা ফিরাত জানায়, "তারা আমাদের ধ্বংস করতে চাইলে আমদের যুবসমাজ তুরস্কের শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৪ ঘ.
bdnews24