২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ পরমাণু চুল্লি তৈরির উদ্যোগ

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও ঘাটতি মোকাবেলায় যৌথভাবে একটি পরমাণু চুল্লি তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালু করতে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার দুই বড় অর্থনৈতিক শক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

বুয়েনস আইরেস, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও ঘাটতি মোকাবেলায় যৌথভাবে একটি পরমাণু চুল্লি তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালু করতে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার দুই বড় অর্থনৈতিক শক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুক্রবার বুয়েনস আইরেসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কার্চনারের মধ্যে এক বৈঠকের পর একথা জানানো হয়। দুই নেতা উরুগুয়ে নদীতে গারাবি হাইড্রোইলেকট্রিক বাঁধ তৈরির লক্ষ্যে এ বছরেই প্রক্রিয়া শুরু করতেও সম্মত হয়েছেন বলে জানা গেছে। বৈঠকে শীত মৌসুমে আর্জেন্টিনার কাছে বিদ্যুৎ বিক্রি করার বিষয়ে সম্মত হয়েছে ব্রাজিল। তবে এ বিদ্যুৎ ব্রাজিল কেবল তখনই বিক্রি করবে যখন প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে আর্জেন্টিনা তাদের সবগুলো বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করতে সক্ষম হবে না। প্রসঙ্গত, ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দেশেরই বর্তমানে দুটি করে পরমাণু জ্বালানি প্লান্ট সক্রিয় আছে এবং উভয় দেশই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে (এনপিটিতে) স্বাক্ষর করেছে। বৈঠকের পর আর্জেন্টিনার আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, "আমরা যৌথভাবে একটি উপগ্রহ উৎক্ষেপণ এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি শুরু করতে যাচ্ছি।" লুলা বলেন, তাদের এ পদক্ষেপ বিশ্বর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। শুক্রবার কার্চনার ও লুলার মধ্যকার প্রথম দিনের বৈঠকে জ্বালানি ইস্যুগুলো প্রাধান্য পেলেও বলিভিয়ার প্রাকৃতিক গ্যাস পাওয়ার অনুপাত নিয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। জানা গেছে, আজ শনিবার বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে সাক্ষাতের সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই নেতা এ বিষয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, বর্তমানে বলিভিয়ার কাছ থেকে দিনে ৩০ মিলিয়ন ঘন মিটার পর্যন্ত প্রাকৃতিক গ্যাস আমদানি করছে ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনা বলিভিয়ার কাছ থেকে দিনপ্রতি আমদানি করছে সর্বোচ্চ ৭ দশমিক ৭ মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৩৭ ঘ.