আঙ্কারা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের নির্মূল করতে উত্তর ইরাকে তুর্কি বাহিনীর স্থল ও বিমান অভিযান অব্যাহত রয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৫৫ পিকেকে গেরিলা এবং তুর্কি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। অন্যদিকে শনিবার এক বিবৃতিতে ২২ তুর্কি সেনাকে হত্যার দাবি জানিয়েছে পিকেকে।
তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, পিকেকে গেরিলাদের নির্মূল না করা পর্যন্ত সীমান্ত পেরিয়ে অভিযান অব্যাহত থাকবে। তারা অভিযোগ করে আসছে, উত্তর ইরাককে ঘাঁটি হিসাবে ব্যবহার করে পিকেকে তুরস্কে হামলা চালিয়ে আসছে।
শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, উত্তর ইরাকে সংঘর্ষে ২৪ পিকেকে গেরিলা এবং পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে। এছাড়া পৃথক বিমান হামলায় মারা গেছে কমপক্ষে আরও ২০ গেরিলা।
তুরস্ক শনিবার ওই অভিযানে হতাহতের নতুন সংখ্যা প্রকাশ না করলেও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র শনিবারে কমপক্ষে আরও ১১ গেরিলা হত্যার বিষয়ে নিশ্চিত করেছে। এর ফলে পিকেকের মৃতের সংখ্যা মোট ৫৫ জনে দাঁড়ালো।
ওদিকে, তুরস্ককে উত্তর ইরাকের সুনির্দিষ্ট পিকেকে ঘাঁটিতেই অভিযান চালানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্র তুরস্ককে দ্রুততার সঙ্গে এ অভিযান শেষ করার আহ্বান জানিয়েছে।
ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। একইসঙ্গে তারা তুরস্ককে আহ্বান জানিয়েছে এমন কোনো সামরিক অভিযান না চালাতে যা এলাকাটির নিরাপত্তা হুমকির মধ্যে ঠেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এএমটি/১৯৩১ ঘ.
bdnews24