বারিনাস, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার আন্দেজ পার্বত্য অঞ্চলে ৪৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির সবাই নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গম পার্বত্য অঞ্চলের মেরিডা শহর থেকে রাজধানী কারাকাসের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছিল মেরিডা থেকে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা। স্থানীয় অধিবাসীরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানালে তার সূত্র ধরে রাতেই তল্লাশি অভিযান শুরু করা হয়।
উদ্ধারকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতেই ওই অঞ্চলে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানোর সময় বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে অনুমান করেন তারা। শুক্রবার দিনের আলোয় বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান নিয়ে সেখানে তল্লাশি চালিয়ে বিমানটি খুঁজে পায় তারা।
বিধ্বস্ত ওই দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ছিল স্থানীয় বিমান সংস্থা সান্তা বারবারা'র ফ্লাইট নম্বর- ৫১৮।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছেছেন এবং সেখানে আরেহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানটি পুরোপুরিই বিধ্বস্ত হয়ে গেছে।
উড্ডয়নের পর বিমানটির পাইলট কোনো বিপদ সংকেত পাঠিয়েছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত নন উদ্ধারকরীরা।
মেরিডা বিমানবন্দরে বিমান নিয়ে যাওয়া আসা করতে হলে পাইলটদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। কারণ শহরটিতে যেতে হলে উঁচু উঁচু অনেকগুলো পর্বত শৃঙ্গের এক জটিল বিন্যাসের ভেতর দিয়ে যেতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২০৫০ ঘ.
bdnews24