প্রশান্ত মহাসাগরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফর বহর থেকে, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শুক্রবার বলেছেন, ছোট্ট বিরতির পর ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করায় আশাবাদী তিনি। সেনা কমানোর পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্যই ওই বিরতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়ায় একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিমানে বসে তার সফরসঙ্গী সাংবাদিকদের একথা বলেন গেটস।
রাবার্ট গেটস বলেন, " আমি এখনও আশা করছি আগামী ১০ থেকে ১২ মাস পর্যন্ত সেনা প্রত্যাহারের বর্তমান ধারা বজায় রাখতে পারব।"
তবে এর মাঝে জুলাই-আগস্ট মাসে একটি ছোট্ট বিরতি দেওয়া হতে পারে সেনা প্রত্যাহারে।
যুক্তরাষ্ট্রের বর্তমান পরিকল্পনায় পেন্টাগন ইরাক থেকে তার মোট ২০ টি কমব্যাট ব্রিগেডের মধ্যে ৫ টি ব্রিগেড ফিরিয়ে আনার কথা বলেছে। গেটস এর আগে বলেছিলেন, ইরাক থেকে প্রতি মাসে একটি করে ব্রিগেড ফিরিয়ে আনা হতে পারে।
কিন্তু তখন থেকেই ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার ডেভিড পেত্রাউস সেনা প্রত্যাহারে একটি বিরতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
গেটস এ প্রসঙ্গে বলেছেন, জেনারেল পেত্রাউস সেনা প্রত্যাহারে বিরতি দেওয়ার যথার্থতা সম্পর্কে তাকে বোঝাতে সক্ষম হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "আমার আশা ওই বিরতির সময়টা হবে খুবই স্বল্প। তবে জেনারেল পেত্রাউস যখন আগামী মাসে ওয়াশিংটনে এবং প্রেসিডেন্টের কাছে তার প্রতিবেদন দাখিল করবেন তখনই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24