২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি-নওয়াজ জোটে উৎখাত হতে পারেন মুশাররফ

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বৃহস্পতিবার জোট গঠনের আলোচনা শুরু করেছেন বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বৃহস্পতিবার জোট গঠনের আলোচনা শুরু করেছেন বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর নেতারা। শক্তিশালী এ জোটে পশতুনদের দল আওয়ামী ন্যাশনাল পার্টিরও (এএনপি) যোগদানের প্রস্তাব রয়েছে। জোট গঠন নিয়ে নওয়াজের সঙ্গে বেঠকে বসেছেন পিপিপি নেতা জারদারি। মুশারফকে ক্ষমতা থেকে তাড়ানোর বিষয়টি পার্লামেন্টের মাধ্যমে সুরাহা করার ঘোষণা দিয়েছে পিপিপি। জারদারি সাংবাদিকদের বলেছেন, "কোন প্রেসিডেন্ট এর সঙ্গে কাজ করা হবে আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা হবে না পার্লামেন্টই সে সিদ্ধান্ত নেবে।" ওদিকে, শরীফ বলেছেন, "সুপ্রীম কোর্টের বিচারপতিদের পুনর্বহালের বিষয়টিতে কোনোরকম ছাড় দেওয়া হবে না।" শরীফ এবং জারদারি দুজনই বলেছেন, "আমরা পাকিস্তান সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।" বিশ্লেষকরা বলছেন, পিপিপি এবং শরীফের দল জোট বাঁধলে প্রেসিডেন্ট মুশাররফ হয় পদত্যাগ করতে পারেন, নয়ত পাকিস্তানকে আরও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারেন। কারণ, তিনি পদত্যাগ না করায় অটল থাকলেও পার্লামেন্ট সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা চালাবে। বিশ্লেষকদের মতে, ওই অবস্থা এড়াতে মুশাররফ চাইবেন জারদারি-শরীফ জোট যাতে না হয়। আর দুই পার্টির মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং শত্র"তার কারণে সে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে পিপিপি-পিএমএলএন-এএনপি সবার আসন মিলিয়ে একত্রে মোট ১৬৩ টি আসন হওয়ায় এ জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। অর্থাৎ পার্লামেন্ট ভোটে মুশাররফকে ক্ষমতা থেকে উৎখাত কিংবা সংবিধান পরিবর্তনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকছে তাদের হাতে। নির্বাচন কমিশন সূত্র থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে পিপিপি ৮৭ টি, নওয়াজের পিএমএল-এন ৬৬ টি, মুশাররফপন্থী পিএমএল-কিউ ৩৯ টি, সিন্ধু ভিত্তিক মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ১৯টি, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ১০ টি, ইসলামপন্থীদের জোট এমএমএ ৩ টি এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্য ইসলামপন্থীরা মোট ৩৪ টি আসন পেয়েছেন। পিপিপি'র উর্ধ্বতন নেতা তাজ হায়দার জোট গঠনের বিষয়ে পাকিস্তানের ডন টেলিভিশনকে বলেছেন, "প্রশ্নটি হল আপনি কি একনায়কের সঙ্গে আছেন না কি যেসব শক্তি গণতন্ত্র প্রতিষ্ঠার জন সংগ্রাম করছে তাদের সঙ্গে আছেন?" পিপিপির দলীয় সূত্র জানায়, নওয়াজের দলকে জোটে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জোট গঠনের বিভিন্ন শর্ত নির্ধারণে কয়েকদিন সময় লাগলেও বৃহস্পতিবার নওয়াজের সঙ্গে জারদারির বৈঠকের মধ্য দিয়ে ওই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানায় তারা। ওদিকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটিতে কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে স্থানীয় পশতুন আদিবাসীদের ধর্মনিরপেক্ষ ধারার দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। এ দলের প্রয়াত নেতা খান আব্দুল গাফফার খান ওরফে সীমান্ত গান্ধী পাকিস্তানের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকার জন্য বিখ্যাত। বর্তমান পরিস্থিতিতে পিপিপি ও নওয়াজের মুসলিম লীগের সঙ্গে এএনপি যোগ দিলে তা মতাদর্শিক দিক থেকেও পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার এবং মৌলবাদী রাজনৈতিক ধারাকে পরাস্ত করার ক্ষেত্রে শক্তিশালী জোট হিসেবে আবিভূর্ত হতে পারে বলে আশা করছেন অনেকেই। কিন্তু নওয়াজ ও বেনজিরের পিপিপি'র মধ্যে অতীতের বিরোধ কাটিয়ে উঠে তারা কতোটা একমত হতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। অবশ্য নির্বাসন থেকে ফেরার পর থেকে যে কোনো অবস্থাতেই মুশাররফকে ক্ষমতা থেকে হটানোর ঘোষণা দিয়ে আসছেন নওয়াজ। আর বেনজিরের দলও মুশাররফ বিরোধী অবস্থানে রয়েছে। এ অবস্থায় মুশাররফকে হটানোর প্রশ্নই পিপিপি ও নওয়াজের মধ্যে ঐক্যের মূলসূত্র হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৩ ঘ.