সিঙ্গাপুর, ফেব্র"য়ারি, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমার জান্তার প্রস্তাবিত ২০১০ সালের নির্বাচন বিশ্বাসযোগ্য হতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান বুধবার একথা বলেছে।
নতুন সংবিধান প্রশ্নে মে মাসে একটি গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা। এর পথ ধরেই তারা ২০১০ সালে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেয়। এই নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে ১৯৯০ সালের পর মিয়ানমারে প্রথম নির্বাচন।
১৯৯০ সালের নির্বাচনে বিরোধীদলীয় নেত্রী অং সান সুচির ন্যাশনাল ডেমোক্র্যাসির বিশাল জয়ের পরও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জান্তা। প্রস্তাবিত ২০১০ সালের নির্বাচনেও সুচিকে দাঁড়াতে দেওয়া হবে না বলে তারা ইতোমধ্যেই জানিয়েছে। ফলে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন আসিয়ান জোটের সদস্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো।
সু চি একজন বিদেশিকে বিয়ে করার কারণেই তাকে ২০১০ সালের নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানায় সামরিক জান্তা। 'দ্য স্ট্রেইটস টাইমস' পত্রিকা বুধবার একথা জানায়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো জানান, "মঙ্গলবার আঞ্চলিক এক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নে উইন তাকে বলেছেন, সু চি ব্রিটিশ নাগরিক মাইকেল এরিসকে বিয়ে করার কারণে নতুন সংবিধানে তার নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মাইকেল ১৯৯৯ সালে মারা গেলেও তার সন্তানদের বিদেশি পাসপোর্ট রয়েছে। একারণেই সু চিকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না।"
ইয়ো এও জানান, "দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের প্রতিনিধি নে উইনকে জানিয়ে দিয়েছেন যে, "তাদের এ পদক্ষেপ সময়োপযোগী নয়।"
ইয়ো বলেন, "নে উইন পরিস্কার করেই বলেছেন যে, ১৯৭৪ সালের সংবিধানে যেমন ছিল ঠিক একইভাবে নতুন সংবিধানেও মিয়ানমারের নাগরিক সু চির স্বামী বিদেশি হওয়ায় এবং সন্তানরা মিয়ানমারের নাগরিক না হওয়ায় তাকে নির্বাচনের অযোগ্য বিবেচনা করা হয়েছে।"
বুধবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ইয়ো সাংবাদিকদের বলেন, "মিয়ানমার আন্তর্জাকিত অঙ্গনকে উপেক্ষা করতে পারে না--- এ ব্যাপারে আমরা সবাই একমত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24