২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের কথা ভাবছি না: মুশাররফ

নির্বাচনে ভরাডুবির পর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, এখনও পদত্যাগের কথা ভাবছেন না তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, কে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সে সম্পর্কে এখনই মন্তব্য করা ঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনে ভরাডুবির পর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, এখনও পদত্যাগের কথা ভাবছেন না তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, কে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সে সম্পর্কে এখনই মন্তব্য করা ঠিক হবে না। ওদিকে, তাকে হটাতে পিপিপি ও নওয়াজের দলের জোট গঠনের প্রস্তুতি সত্ত্বেও মুশাররফ বলেছেন, পরবর্তী সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করতে চান তিনি। নির্বাচনে ভরাডুবির পর তিনি পদত্যাগের কথা ভাবছেন কি না এমন এক প্রশ্নের জবাবে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশাররফ বলেন,"না, এখনও না। আমাদের এমনভাবে এগিয়ে যেতে হবে যাতে পাকিস্তানে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়।" সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যাকে তিনি ১৯৯৯ সালে ক্ষমতাচ্যুত করেছিলেন, প্রয়োজনে তার সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত কি না এমন প্রশ্নের জবাবে মুশাররফ বলেন, "সরকার চালান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাহী ক্ষমতায় ভাগ বসানোর কোনো সুযোগ প্রেসিডেন্টের নেই।" তিনি আরও বলেন, "যখন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট একে অপরের কাছ থেকে নিস্তার পেতে চান তখনই সংঘাত শুরু হয়। আমি আশা করব যাতে এ ধরনের সংঘাত এড়ানো যায়।" নির্বাসন থেকে ফেরার পর থেকেই মুশাররফকে হটানোর বিষয়টিকে নিজের রাজনৈতিক প্রচারাভিযানের শীর্ষে রেখেছেন নওয়াজ শরীফ। আর সরকার গঠনের প্রশ্নে এগিয়ে থাকা দল পিপিপি'র নেতা আসিফ আলি জারদারি বলেছেন, পার্লামেন্টের মাধ্যমে মুশাররফকে হটানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে, পাকিস্তানের সাধারণ নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মন্তব্য করার পর যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে যে, পরবর্তী সরকার তাদের মিত্র মুশাররফের সঙ্গে একযোগে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে নিজ ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৭ ঘ.