মিল ওয়াকি, ফেব্র"য়ারি ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - যুক্তরাষ্ট্রের উইসকন্সিনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের লড়াইয়ে মঙ্গলবার বিশাল জয় পেয়েছেন বারাক ওবামা। ওবামার এই জয়ে চাপের মুখে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে আগামী মাসে ওহিও এবং টেক্সাস অঙ্গরাজ্যে জয় পেতে হবে তাকে। অন্যদিকে, রিপাবলিকান দল থেকে আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে পরাজিত করে বড় ধরনের জয় পেয়েছেন অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন।
ডেমোক্র্যাট দলে হিলারিকে পরাজিত করে একের পর এক বিভিন্ন অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ওবামা। উইসকন্সিনের জয় মিলিয়ে সরাসরি ৯ জায়গায় জিতলেন তিনি। নিজ অঙ্গরাজ্য হাওয়াইয়েও তার জনসমর্থন তুঙ্গে। মঙ্গলবার ভোট হয়েছে এখানেও।
তবে ওবামা এবং হিলারি ক্লিনটন দুই ডেমোক্র্যাট প্রার্থীই ৪ মার্চে টেক্সাস এবং ওহিও এর নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। এই দুই অঙ্গরাজ্যে হিলারিকে জয় পেতে হবে।
উইসকন্সিনে জয় লাভ করার পর হাউস্টোনে এক শোভাযাত্রায় ওবামা বলেন, "আমরা যে পরিবর্তনের খোঁজ করছি তা এখনও কয়েক মাইল এবং কয়েক মাস দূরে এবং সেই পরিবর্তনের দোরগোড়ায় আমাদের পৌঁছে দেওয়ার জন্য টেক্সাসের টেক্সাসের লোকজনদের সাহায্য দরকার।"
অন্যদিকে, উইসকন্সিনে রিপাবলিকান দল থেকে বিশাল জয়লাভের পর জন ম্যাককেইন এই অঙ্গরাজ্যের লোকজনকে ধন্যবাদ জানান। এরপরপরই প্রতিপক্ষ বারাক ওবামাকে সরাসরি আক্রমণ করে ম্যাককেইন বলেন, "আমরা কি অনভিজ্ঞ একজন প্রার্থীর বিভ্রান্ত দেশনেতৃত্বের ঝুঁকি নেব?
ওবামাও পাল্টা আক্রমণে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতি এবং ইরাকে মার্কিন সেনা উপস্থিতিতে ম্যাককেইনের সমর্থনের কথা তুলে ধরে জনগণকে সতর্ক করে দেন। ওবামা বলেন, " ম্যাককেইন অতীত নীতিই অনুসরণ করে যেতে চান। আর আমরা আগামী দিনগুলোতে কিছু করে দেখাতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০১ঘ.
bdnews24