জেরুজালেম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ মঙ্গলবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন এই বছরের মধ্যে একটি চুক্তিতে উপনীত হতে চাইলে তাদের প্রয়োজন শান্তি আলোচনার গতি ত্বরান্বিত করা।
জেরুজালেমে উত্তর আমেরিকার ইহুদি নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফায়েদ বলেন, গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের আয়োজনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় পরবর্তী ১১ মাসের মধ্যে একটি চুক্তি করার বিষয়ে পরামর্শ দেওয়া হলেও সেই থেকে এ বিষয়ে "যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়নি।"
তিনি বলেন, "বাস্তবেই এটা হতে হলে আলোচনার গতি বাড়াতে হবে এবং বাড়াতে হবে উল্লেখযোগ্যহারে।"
এদিকে, মঙ্গলবার দিনের শেষ ভাগে জেরুজালেমে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
এর আগে গত রোববার ওলমার্ট বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে ২০০৮ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার পরিবর্তে সে বিষয়ে "মৌলিক নীতিগুলো" নিয়ে একটি বোঝাপড়ায় উপনীত হওয়াই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্য।
রোববার ওলমার্ট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আলাপ-আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত জেরুজালেমের ভবিষ্যত নিয়ে আলোচনা স্থগিত রাখতে রাজি হয়েছেন আব্বাস।
কিন্তু সোমবার আব্বাসের এক ঊর্ধ্বতন উপদেষ্টা জানান, আব্বাস জেরুজালেমের ভবিষ্যত নিয়ে আলোচনা স্থগিত করতে রাজি হননি।
উর্ধ্বতন রাজনৈতিক উপদেষ্টা নিমের হাম্মাদ বলেন, "এটা মোটেই সত্য নয়। জেরুজালেম ইস্যুটি একটি মৌলিক ইস্যু এবং এ বিষয়ের আলোচনা স্থগিত হতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24