কান্দাহার, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সোমবার আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৩৭ জন আফগান নিহত হয়েছে। বিদেশি সেনাদের একটি গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
সীমান্ত পুলিশ কমান্ডার আব্দুল রাজ্জাক প্রাথমিক খবরে রয়টার্সকে ২৩ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার কথা জানান।
পরে কান্দাহারের গভর্নর আসাদুল্লাহ খালিদ এক সংবাদ সম্মেলনে ৩৭ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, "বোমা হামলাকারী গাড়িতে করে এসে কানাডীয় সেনাবহরে হামলা চালায়। এতে ৪ কানাডীয় আহত হয়েছে।" তিনি হামলার জন্য তালেবানদের জঙ্গিদের দায়ী করেছেন। তবে জঙ্গিরা এর দায়-দায়িত্ব স্বীকার করেনি।
এলাকাটি থেকে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান গেরিলাদের শক্ত ঘাঁটি কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক শহরের একটি রাস্তায় চালানো ওই হামলায় দুই বিদেশি সেনাও নিহত হয়েছেন।
এর আগে রোববার কান্দাহার নগরীর পার্শ্ববর্তী একটি পিকনিকস্থলে সন্দেহভাজন আত্মঘাতী হামলায় শতাধিক লোক নিহত হওয়ার একদিন বাদে ঘটল এ ঘটনা।
রোববারের ওই হামলার জন্য কান্দাহরের গভর্নর আসাদুল্লাহ খালিদ তালেবান গেরিলাদের দায়ী করেন। তবে তালেবান গেরিলারা তা প্রত্যাখ্যান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫২ ঘ.
bdnews24