কলম্বো, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পঁচিশ বছর ধরে তামিল বিচ্ছিন্নতাবাদ মোকাবেলা করতে থাকা শ্রীলংকা বলেছে, কসোভোর একপাক্ষিক স্বাধীনতা ঘোষণা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এ ঘটনায় তারা উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমবার বলা হয়, কসোভোর দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য অঞ্চলের জাতিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে।
শ্রীলংকা ওই বিবৃতিতে বলেছে, "কসোভোর একপাক্ষিক স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিক সম্পর্ক এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থায় এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যা সামলানো মুশকিল হতে পারে এবং এর ফলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য কঠিন হুমকি সৃষ্টি করতে পারে।"
বিবৃতিতে বলা হয়, "কসোভোর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন, যে সনদে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষার কথা বলা হয়েছে।"
সার্বিয়ার বিরোধিতা সত্ত্বেও রোববার একপাক্ষিকভাবেই স্বাধীনতার ঘোষণা দেয় কসোভোর পার্লামেন্ট। সার্বিয়া তাদের এ প্রদেশের স্বাধীনতা মেনে নেবে না বলে জানিয়েছে। ওদিকে, রাশিয়া এর বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পাশ্চিমা দেশ এর পক্ষে অবস্থান নিয়েছে। অবশ্য রাশিয়ার বিরোধিতা ছাড়াও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য চীন।
শ্রীলংকার তামিল অধ্যুষিত উত্তর ও পূর্বাঞ্চলে একটি আলাদা রাষ্ট্রগঠনের লক্ষ্যে পঁচিশ বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে তামিল গেরিলারা। তামিল বিদ্রোহীদের সামরিকভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে কলম্বো।
১৯৮৩ সাল থেকে দলিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৩ ঘ.
bdnews24