নাইরোবি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ায় নির্বাচন পরবর্তী সঙ্কট নিরসন আলোচনা বেগবান করতে সোমবার নাইরোবি সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন নিয়ে সৃষ্ট সহিংসতায় সহস্রাধিক লোকের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম সফর। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রাইসকে এ সফরে পাঠিয়েছেন।
বুশ বলেছেন, রাইসের এ সফরের অন্যতম উদ্দেশ্য কেনিয়ার চলমান সঙ্কট নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতার চেষ্টা বেগবান করা।
আশা করা হচ্ছে, রাইস তার এ সফরের প্রথম দিন সোমবারই কফি আনান, কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং তার প্রধান প্রতিপক্ষ বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন।
প্রসঙ্গত, কেনিয়ার ২৭ ডিসেম্বরের ওই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন কিবাকি। কিন্তু বিরোধীদলীয় নেতা ওডিঙ্গা অভিযোগ করে আসছেন, নির্বাচনে জালিয়াতি করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৭ ঘ.
bdnews24